২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জুতার গুদামে অগ্নিকাণ্ড

চট্টগ্রামে স্টেশন রোড এলাকার নুপুর মার্কেটে একটি জুতার গুদামে অগ্নিকাণ্ড হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 05:38 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

শনিবার বেলা ৩টার দিকে মার্কেটের চতুর্থ তলায় শাহাদাত সু স্টোরের গুদামে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এম এ মালেক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মার্কেটের চারতলায় ওই গুদামের একটি বৈদ্যুতিক লাইন থেকে এ আগুনের সূত্রপাত।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সাতটি গাড়ি গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের গুদামের অনেক মালামাল পুড়ে গেলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নিরুপণ করা যায়নি বলে জানান অগ্নিনির্বাপক কর্মকর্তা মালেক।

ফায়ার সার্ভিসের এই উপসহকারী পরিচালক বলেন, “এর আগেও মার্কেটের ব্যবসায়ীদের আমরা অগ্নিনির্বাপণ বিষয়ে মহড়া করা ও জরুরি অবস্থায় আগুন নেভানোর যন্ত্রপাতি গোডাউনে রাখার বিষয়ে সতর্ক করেছিলাম।”

ব্যবসায়ীরা গুদামটিতে মালামাল সংরক্ষণের নিয়ম অমান্য করেছেন বলে দাবি করেন এই অগ্নিনির্বাপক কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে ব্যবসায়ীরা রক্ষা পেয়েছেন।