চট্টগ্রামে বৃষ্টিতে স্বস্তি
বাড়তে থাকা তাপমাত্রা আর ধুলোবালির উৎপাতে অতিষ্ঠ বন্দর নগরীর জনজীবনে স্বস্তি হয়ে এসেছে এক পশলা বৃষ্টি।
ভোর থেকে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি শুরু হয় বুধবার সকাল ৯টার দিকে। দেড় ঘণ্টার বৃষ্টিতে অফিসযাত্রী ও বিদ্যালয়মুখী শিক্ষার্থীরা সাময়িক ভোগান্তিতে পড়লেও স্বস্তির কথা জানান তারা।
“বৃষ্টি থামার পর সূর্য উঠলেও হালকা বাতাসে শীতল ভাব ছড়িয়ে পড়ায় স্বস্তি লাগছে।”
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা ফরিদ আহমদ সকালে এক দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথা জানান।
“শীত চলে যাচ্ছে। বর্ষা মৌসুম শুরু হচ্ছে। ঋতু পরিবর্তনের এই সময়ে এরকম বৃষ্টিপাত স্বাভাবিক। তবে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই।”
এর আাগে রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরসহ কয়েকটি এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে।
