সীতাকুণ্ডে ‘চোর সন্দেহে’ পিটিয়ে হত্যা, বাবা-ছেলে গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ‘চোর সন্দেহে’ এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার ভোর রাতে উপেজলার সুলতানা মঞ্জিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. মাশরাফি (২৪) ভোলা জেলার লালমোহন উপজেলার ওমর আলী শিকাদারের ছেলে।
এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক ও তার ছেলেকে আটক করেছে বলে সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান।
এরা হলেন- হোসেন আলী (৫০) ও তার ছেলে শহীদুল ইসলাম (২৪)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, রাতে হোসেন আলীর বাড়ির সীমানায় চোর সন্দেহে আটকের পর মাশরাফিকে বেদম পিটুনি দেয় ওই পরিবারের লোকজন।
এতে তার মৃত্যু হলে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মর্গে মাশরাফির লাশ নিতে আসেন মো. বাচ্চু নামের এক ব্যক্তি, যিনি কোরবান আলী ইঞ্জিনিয়ারিং নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সুপারভাইজার হিসেবে নিজের পরিচয় দেন।
বাচ্চু সাংবাদিকদের বলেন, মাশরাফি কয়েক মাস ধরে তাদের প্রতিষ্ঠানের হয়ে রাজমিস্ত্রির কাজ করে আসছিলেন। মঙ্গলবার বিকালে জিপিএইচ ইস্পাত কারখানার নির্মাণ কাজের জন্য সুলতানা মঞ্জিল এলাকায় গিয়েছিলেন তিনি।
