সীতাকুণ্ডে দুর্ঘটনায় পিডিবির গাড়িচালক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক গাড়িচালক নিহত হয়েছেন।
বুধবার সকালে বাড়বকুণ্ডের কোট্টার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান।
নিহত আলী আকবর (৪৫) পিডিবির পিকআপ চালাতেন। তার বাড়ি নগরীর মনসুরাবাদ ওয়াপদা কলোনিতে।
দুর্ঘটনায় দুই চালকের সহকারীরাও আহত হয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কভার্ড ভ্যান ও পিডিবির পিকআপের মধ্যে সংঘর্ষে আহত তিনজনকে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।
পরে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর পিকআপ চালক আকবরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান।
