চট্টগ্রামে এক লাখ ইয়াবা উদ্ধার, আটক ৪
চট্টগ্রামে এক লাখ ইয়াবা উদ্ধার ও এক নারীসহ চারজনকে আটক করেছে র্যাব।
সোমবার নগরীর সার্সন রোড ও চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর মো. জাহাঙ্গীর জানিয়েছেন।
আটকরা হলেন- মো. আলমগীর ওরফে আলমগীর মেম্বার (৩৪), চাঁন মিয়া সওদাগর (৪৯), আনিসুর রহমান (৩৫) ও হোসনে আরা বেগম (৩০)।
এদের মধ্যে চাঁন মিয়া গতবছর ১ জুন কক্সবাজারে সাড়ে চার লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় তালিকাভুক্ত আসামি বলে দাবি র্যাবের।
মেজর জাহাঙ্গীর মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার সার্সন রোডে অবস্থান নেয় র্যাবের একটি দল।
“কিছুক্ষণ পর দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি আসকার দিঘীর পাড় এলাকার দিকে যাওয়ার পথে তাদের থামার সংকেত দিলে এক ব্যক্তি পালিয়ে যায়। অন্যদের তল্লাশি করে ৯০ হাজার ইয়াবা পাওয়া যায়।”
তাদের কাছ থেকে তিন লাখ ৪০ হাজার টাকাও জব্দ করা হয়েছে।
আটকদের কাছ থেকে পলাতক ব্যক্তির নাম আব্দুস শাকুর মাহমুদ জানার পর তার চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় অভিযান চালানো হয় বলে জানান র্যাব কর্মকর্তা জাহাঙ্গীর।
“ওই বাসা থেকে আরও ১০ হাজার ইয়াবা উদ্ধার ও শাকুরের স্ত্রী হোসনে আরাকে আটক করা হয়।”
