২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিকলবাহায় বিদ্যুৎ কেন্দ্রে ভাংচুর

চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় এক নিরাপত্তাকর্মীর কাজ বণ্টনকে কেন্দ্র করে নির্মাণাধীন একটি বিদ্যুৎ কেন্দ্রে ভাংচুর চালিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 03:18 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

সোমবার সকালের এ ঘটনায় কেন্দ্রটির পাঁচজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শিকলবাহায় নির্মাণাধীন ২২৫ মেগাওয়াট কেন্দ্রটির নির্মাণকারী মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতীয় এলএনটি। তাদের অধীনে কাজ করছে বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিয়ন মার্কেন্টাইল লিমিটেড (ইউএমএল)।

কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউএমএলের সিকিউরিটি সুপারভাইজার আসাদ রোববার রাতে নিরাপত্তা কর্মী নুরুজ্জামানের কাজের সময় বাড়িয়ে নির্ধারণ করে দেয়।

“এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুজ্জামান বাঁশ দিয়ে আসাদকে আঘাত করে। তখন বিদ্যুৎকেন্দ্রের এক প্রকৌশলী এ বিষয়ে জানতে চাইলে তার সাথে খারাপ ব্যবহার করে নুরুজ্জামান।”

ওসি রফিকুল বলেন, রাতের ঘটনার পর সোমবার সকালে আবার নুরুজ্জামানের পক্ষের লোকজন এসে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিবাদে জড়ায়।

ওসি রফিকুলের দাবি, এ ঘটনায় পাঁচজন আহত হলেও কোনো ভাংচুর হয়নি।

তবে স্থানীয়রা জানায়, স্থানীয় আসলাম নামের এক ব্যক্তির নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল হামলা চালায়। এসময় ভাংচুরও করে তারা।

বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী ইমরান আহমেদ, ফুয়াদ ও আজাদ এবং কর্মচারী রনি ও মালেক আহত হয়েছেন।

এ ঘটনায় হামলাকারী আসলামকে আটক করা হয়েছে বলে জানান ওসি রফিকুল। 

আহতদের বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনায় বেসরকারিভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের কাউকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়নি।

এ বিষয়ে জানতে কেন্দ্রের পরিচালক প্রকৌশলী সিরাজুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি।