ভাষা শহীদ স্মরণে মৌলবাদ নির্মূলের শপথ চট্টগ্রামে
বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে চট্টগ্রামবাসী।
নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরের আনুষ্ঠানিকতার পর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে মৌলবাদের মূলোৎপাটনের শপথ নেওয়া হয়।
শুরুতেই শহীদদের শ্রদ্ধা জানান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এরপর শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ শ্রদ্ধা জানায় সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে।
তারপর একে একে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার কেএম হাফিজ আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পক্ষে এবং চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।
চট্টগ্রাম পরিষদ প্রশাসক এম এ সালাম ফুল দেওয়ার পর শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে থাকে।
এছাড়া বিভিন্ন বয়সী লোকজন একক বা দল বেঁধে শহীদ মিনারে আসেন শ্রদ্ধা জানাতে।
তাদের অনেকেই বলেন, মৌলবাদী ও জঙ্গিবাদী শক্তিকেই ঠেকানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
“একুশ আমাদের চেতনা, এই দিনেই আমাদের মৌলবাদী ও জঙ্গিগোষ্ঠীকে ঠেকানোর শপথ নিতে হবে।”
মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এছাড়া রোববার সারা দিন নগরীতে বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।
মুসলিম হল ও আশপাশের এলাকায় সিটি করপোরেশনের উদ্যোগে চলছে বইমেলা।
রোববার একুশমঞ্চে করপোরেশনের উদ্যোগ সাত বিশিষ্টজনকে দেওয়া হবে একুশে পদক।
নগরীর ডিসি হিলে একুশ মেলা উদযাপন পরিষদের উদ্যোগেও চলছে পৃথক বইমেলা, সেখানেও আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার চট্টগ্রাম জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক কর্মসূচির আয়োজন করেছে অমর একুশে স্মরেণে।
