২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুমকি-জিডির পর একমঞ্চে মহিউদ্দিন-লতিফ

বঙ্গবন্ধুর ছবি ‘বিকৃতি’ নিয়ে নতুন করে বিরোধে জড়ানোর পর চট্টগ্রামে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও দলের সংসদ সদস্য এম এ লতিফকে একমঞ্চে দেখা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 06:27 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

পুরনো খবর:

‘জীবননাশের শঙ্কা’য় মহিউদ্দিনের বিরুদ্ধে লতিফের জিডি
হাজার কোটি টাকার মানহানি মামলা এমপি লতিফের নামে
এমপি লতিফের বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি ‘বিকৃতি’
লতিফে বিভেদ চট্টগ্রাম আওয়ামী লীগে

শনিবার চট্টগ্রামের পতেঙ্গায় র‌্যাব-৭ এর এক অনুষ্ঠানে তিনবারের সাবেক মেয়র মহিউদ্দিন ও দুইবারের সংসদ সদস্য লতিফ দুইজনই বক্তব্য রাখেন, যাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বন্দর আসনের সাংসদ লতিফ বন্দর ইস্যুতে মহিউদ্দিনবিরোধী। ওয়াটার ট্রান্সপোর্ট সেল, চট্টগ্রাম চেম্বার ও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন বিষয়ে একাধিকবার মহিউদ্দিনের সঙ্গে বিরোধে জড়িয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরের সময় বন্দর আসনের সাংসদ লতিফের নামে স্থাপিত বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি বিকৃতি ধরা পড়ার পর গত ১৫ ফেব্রুয়ারি নিজ দলের এই সাংসদকে চলাফেরায় সতর্ক করে চট্টগ্রামে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছিলেন নগরীর তিনবারের মেয়র মহিউদ্দিন।

এ ঘটনার তিনদিন পর গত ১৮ ফেব্রুয়ারি সাংসদ লতিফ ‘জীবননাশের হুমকির শঙ্কা’ প্রকাশ করে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অনলাইনে চট্টগ্রামের ১৬টি থানায় সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেন। এর মধ্যে শুধুমাত্র নগরীর বন্দর থানায় জিডিটি গ্রহণ করা হয়।

বিভিন্ন সময়ে র‍্যাবের হাতে জব্দ মাদক ধ্বংস করা উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় এ দুইজন এক মঞ্চে থাকলেও তাদেরকে কোনো কথা বলতে দেখা যায়নি।

মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রীর ডান পাশে ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও সাংসদ লতিফ এবং বাম পাশে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও মহিউদ্দিন চৌধুরী।

আলোচনা সভার পর মাদক ধ্বংস করার সময়ও দুইজন সবার সঙ্গে ছিলেন। এসময় মেয়র নাছির ছাড়াও মহিউদ্দিনের বিরুদ্ধে লতিফের পক্ষে বিবৃতি দেওয়া রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকেও সেখানে দেখা যায়।

আলোচনায় মহিউদ্দিন চৌধুরীর পর বক্তব্য রাখেন এমএ লতিফ। লতিফ তার বক্তব্যে ‘এক্স মেয়র’ হিসেবে সম্বোধন করলেও মহিউদ্দিনের নাম নেননি।

চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি লতিফ ২০০৮ সালে আকস্মিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চট্টগ্রাম-১০ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নানা সময়েই বিতর্কের জন্ম দিয়েছেন।

জামায়াত-ঘনিষ্ঠতার অভিযোগ নিয়েই নৌকা প্রতীকের এমপি বনে যাওয়া লতিফের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ ওঠার পর তার পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে চট্টগ্রাম আওয়ামী লীগে নতুন করে বিভক্তি দেখা যায়।

চট্টগ্রামে গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই সফরকে সামনে রেখে সাংসদ লতিফের নামে স্থাপিত ছবিতে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ফেস্টুন-বিলবোর্ডে বিকৃতির বিষয়টি ধরা পড়ে।

অভিযোগ ওঠে, লতিফ তার শারীরিক অবকাঠামো সম্বলিত ছবিতে বঙ্গবন্ধুর মুখমণ্ডল বসিয়ে জাতির জনকের ছবি বিকৃতি করেছেন।

এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে যুব ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন লতিফের বিচার ও সংসদ থেকে তাকে বহিষ্কারের দাবি তোলে। এমপি লতিফের বিরুদ্ধে কয়েকটি মামলাও হয়।

সংসদ সদস্য লতিফ শুরুতে বিকৃতির অভিযোগ অস্বীকার করলেও সমালোচনার মুখে পরে সংবাদ সম্মেলন করে জানান, বিলবোর্ডের ডিজাইনার ছবি বিকৃতি করেন। ওই ডিজাইনার এ ঘটনার জন্য দায়ও স্বীকার করেন।

৩০ জানুয়ারি লতিফকে নিয়ে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির বির্তক ওঠার পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দলীয় কোনো কর্মসূচি বা সভা হয়নি।