ইটিপি বন্ধ: আবুল খায়েরের টিন কারখানাকে জরিমানা
ইটিপি বন্ধ রেখে তরল বর্জ্য ফেলে পরিবেশের ক্ষতি করায় চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আবুল খায়ের গ্রুপের একটি টিন কারাখানাকে আট লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে কারখানাটির কর্মকর্তাদের উপস্থিতিতে শুনানি শেষে এ জরিমানা করা হয়।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মাসে সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় আবুল খায়ের গ্রুপের ঢেউ টিন কারখানা পরিদর্শনে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) বন্ধ পাওয়ায় যায়। তবে বাইপাসের মাধ্যমে তরল বর্জ্য বাইরে ফেলা হচ্ছিল।
এ অপরাধে বুধবার পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে শুনানির জন্য কারখানার কর্মকর্তাদের ডাকা হয়। শুনানি শেষে কারখানাটিকে আট লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
