২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামালখানে জরিমানার প্রতিবাদে ১১ ঘণ্টা দোকান বন্ধ

ইমারত বিধিমালা ভঙ্গ করায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে ১১ ঘণ্টা দোকান বন্ধ রেখেছে জামালখান দোকান মালিক সমিতি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 05:40 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

বুধবার সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান বন্ধ রেখে সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন সমিতির সভাপতি মঞ্জুর মোর্শেদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিডিএ’র ম্যাজিস্ট্রেট নির্মাণ বিধিমালা ভঙ্গকারী ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমরা যারা দোকান ভাড়া নিয়েছি তাদেরকে জরিমানা করেছে।

“বিধিমালা তো আমরা ভঙ্গ করিনি। তাহলে আমাদেরকে কেন শাস্তি দেওয়া হবে।”

এর প্রতিবাদে জামালখানের শতাধিক দোকান মালিক সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান বন্ধ রাখেন বলে জানান তিনি।

অভিযানে সিডিএ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনে মঞ্জুর মোর্শেদ বলেন, “সিডিএ ম্যাজিস্ট্রেটের কাছে অপরাধ জানতে চাইলে তিনি আমাদেরকে কোনো কথা বলতে নিষেধ করেন।”

তারপরও অপরাধ জানতে চাইলে ম্যাজিস্ট্রেট অর্থদণ্ডের পরিমাণ বাড়ানোর হুমকি দেন বলে অভিযোগ করেন সমিতির সভাপতি মোর্শেদ।

সরেজমিনে দেখা যায়, জামালখান মোড় থেকে চেরাগী মোড় পর্যন্ত সড়কের দু’পাশের শতাধিক চশমা, ওষুধ, কম্পিউটার কম্পোজ ও ফাস্টফুডের দোকান বন্ধ রয়েছে। নিজ নিজ দোকানের সামনে অবস্থান নিয়ে আছেন মালিকরা।

প্যাসিফিক টাওয়ারের নিচতলার কম্পিউটার কম্পোজের দোকানটির মালিক সুবল চন্দ্র শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিডিএ কোনোভাবেই বিধিমালা ভঙ্গের জন্য আমাদের শাস্তি দিতে পারে না। কারণ আমরা ভবন মালিক নই।

“পার্কিংয়ের জায়গায় ভবনমালিক দোকান করে ভাড়া দিয়েছে, সেজন্য তারা ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আমরা সাধারণ দোকানদার। কী অপরাধে আমাদের জরিমানা করা হয়েছে তাও জানাতে পারেনি ভ্রাম্যমাণ আদালত।

প্যাসিফিক টাওয়ারটা সাত বছর আগে নির্মিত জানিয়ে প্রশ্ন রেখে তিনি বলেন, “এতদিন সিডিএ কোথায় ছিল? এতদিন পর এসে ভবনমালিককে না ধরে আমাদেরকে কেন জরিমানা করল- তার জবাব সিডিএ কে দিতে হবে।”