সমালোচনায় ‘স্পিরিট’ হারাচ্ছে পুলিশ: চট্টগ্রাম জেলা সুপার
সমালোচনার কারণে মাঠ পর্যায়ে পুলিশের কাজের ‘স্পিরিট’ কমছে বলে মনে করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেছেন, এর ফলে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
রোববার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা নিয়ে এক সভায় হাফিজ বলেন, এক লাখ ৭১ হাজার সদস্যের মধ্যে দুই-চারজনের অন্যায়ের জন্য পুরো পুলিশ বাহিনীর বদনাম হচ্ছে।
“ব্যাপক সমালোচনার কারণে মাঠ পর্যায়ে পুলিশের স্পিরিট কমছে। আমি এতে ভীত। এরকম হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।”
এজন্য পুলিশের ভালো কাজের প্রশংসা করতে সাংবাদিকদের অনুরোধ জানান এ কর্মকর্তা।
হাফিজ জানান, ধারাবাহিক অভিযোগ ওঠায় এখন প্রায় প্রতিদিনই থানা পর্যায়ের সদস্যদের ‘নিয়মের বাইরে না যাওয়ার’ জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।
সভায় মাদক নির্মূলে সচেতনতা বাড়ানো, শাস্তি প্রদানসহ নানা পদেক্ষেপের পাশাপাশি জনপ্রতিনিধিদের আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদ, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করা হয়।
