বসন্ত উৎসবে মেতেছে চট্টগ্রাম
ঋতুরাজ বসন্তের আগমনী দিনে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। নগরীর ডিসি হিল ও জেলা শিল্পকলা একাডেমিসহ পুরো নগরীই যেন বসন্তের রঙে সেজেছে।
নানা আয়োজনে শিশু থেকে শুরু করে সব বয়সীরা বাসন্তী পোশাকে মেতেছেন উৎসবে।
ডিসি হিলে দিনব্যাপী বসন্ত উৎসবের আয়োজন করেছে বোধন আবৃত্তি পরিষদ।
সকালে বেহালা বাদনের মধ্য দিয়ে বসন্ত উৎসবের সূচনা হয়। এরপর সংগঠনের সভাপতি রণজিৎ রক্ষিত বসন্তের কবিতা আবৃত্তি করেন।
সংগীত ভবন পরিবেশন করে দলীয় সংগীত। এছাড়া বিভিন্ন সংগঠন ও শিল্পীরা দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানের ফাঁকে বক্তব্য রাখেন ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদারসহ বিশিষ্ট ব্যক্তিরা।
বসন্ত বরণে শনিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রমা আবৃত্তি সংগঠন।
নগরীর ডিসি হিলে সকালে বন্ধুদের সঙ্গে নিয়ে বসন্তকে স্বাগত জানাতে আসেন দীপাশ্রী তালুকদার।
তিনি বলেন, “শীতের রুক্ষতা, শুষ্কতা শেষে ফাল্গুনের আগমন। এতে নিজেদের মনেও পরিবর্তনের ছোঁয়া লাগে।”
এ পরিবর্তনের ছোঁয়া নিয়েই সামনের দিনগুলো কাটাতে চান তিনি।
শিশু সন্তানকে নিয়ে বসন্ত উৎসবে আসা শাহরিয়ার আহমেদ বলেন, “নাগরিক জীবনের ক্লান্তি ছাপিয়ে আনন্দের পরশ নিয়ে আসে ঋতুরাজ বসন্ত। সেই অনুভূতি ধরতেই সন্তানকে নিয়ে উৎসবে এসেছি।”
সংগঠনের সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুল হক, ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার প্রমুখ।
প্রমা’র দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে ঢোলবাদন, সমবেত সংগীত, আবৃত্তি।
এছাড়া প্রমা আবৃত্তি সংগঠন বসন্তকে সামনে রেখে সকালে শিল্পকলা একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতারও আয়োজন করে। এতে তিন শতাধিক শিশু অংশ নেয়।
