২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় জামায়াত নেতাসহ ১২ জনের বিরুদ্ধে পরোয়ানা

দুই বছর আগের নাশকতার মামলায় জামায়াতের সাবেক সংসদ সদস্য শাজাহান চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2016, 04:13 PM

Updated : 20 Aug 2022, 11:49 AM

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহে নূর এ পরোয়ানা জারি করেন বলে জানিয়েছেন মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২০১৩ সালের ২৫ মার্চ চান্দগাঁও এলাকায় ভাঙচুর ও সহিংসতায় এক টমটম চালকের মৃত্যু ঘটনায় দায়ের করা মামলায় আদালত শাজাহান চৌধুরীসহ পলাতক ১২ জনের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করে।

সহিংসতার মামলাটি নিম্ন আদালত থেকে বিচারে জন্য প্রস্তুত হয়ে মহানগর দায়রা জজ আদালতে আসে। বিচারক অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

২০১৩ সালে বিএনপি-জামায়াত জোটের সরকারবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক নাশকতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় নগরীতে বিএনপি-জামায়াত নেতাদের বিরদ্ধে বেশ কয়েকটি মামলা হয়।

জামায়াত নেতা শাজাহান চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।