চবি’র পদার্থবিদ্যা বিভাগে শিক্ষার্থীদের ভাঙচুর
‘স্পেশাল পরীক্ষা’র অনুমতি না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভাঙচুর করেছে একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা বিভাগের সভাপতি মিহির কুমার রায়ের রুমের দরজা, জানালা ও শিক্ষার্থীদের পানির ফিল্টার ভাংচুর করে।
অধ্যাপক মিহির কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভাগের ২০১৪ সালের দ্বিতীয় বর্ষ সমাপনী পরীক্ষায় ১৫ জন শিক্ষার্থী ফেল করলে আমরা তাদেরকে পরের সেশনের শিক্ষার্থীদের সাথে পরীক্ষা দিতে বলি।
“কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রচলিত বিধিমালা ভঙ্গ করে স্পেশাল পরীক্ষা দেওয়ার অনুমতি চায়।”
পদার্থবিজ্ঞান বিভাগের এই সভাপতি আরও বলেন, “আজকে দুপুরেও ওদের বড় ভাই পরিচয় দিয়ে অন্য বিভাগের ১২ থেকে ১৫ জন শিক্ষার্থী স্পেশাল পরীক্ষার অনুমতির জন্যে আমার রুমে এসে আমার ও বিভাগের অন্য শিক্ষকদের সাথে তর্কে জড়ায়। কিন্তু আমরা এ ব্যাপারে অপারগতা প্রকাশ করলে ওরা আমার রুম ভাংচুর করে চলে যায়।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্পেশাল পরীক্ষার দাবিতে পদার্থবিদ্যা বিভাগে ভাংচুরের ঘটনা জানতে পেরে আমরা সেখানে গিয়ে কাউকে আটক করতে পারিনি।”
তবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
