চট্টগ্রামে পানি সরবরাহ ৪৩ কোটি লিটার বাড়াতে ওয়াসার চার প্রকল্প
বন্দরনগরীতে ২০২২ সালের মধ্যে দৈনিক ৪৩ কোটি লিটার পানি সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে ওয়াসা’র চলমান চারটি প্রকল্পের কথা তুলে এ কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহ।
বর্তমানে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প, চিটাগাং ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট অ্যান্ড সেনিটেশন প্রজেক্ট (সিডব্লিউএসআইএসপি), কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২) ও ভাণ্ডালজুরি পানি সরবরাহ প্রকল্পের বাস্তবায়ন চলমান রয়েছে।
ওয়াসার এই চার প্রকল্প সম্পর্কে এমডি ফজলুল্লাহ বলেন, “এগুলো বাস্তবায়ন হলে ধারাবাহিকভাবে পানি উৎপাদন বাড়বে; বাড়বে ওয়াসার সক্ষমতাও।”
বর্তমানে চট্টগ্রাম নগরীতে পানির দৈনিক চাহিদা ৫০ কোটি লিটার হলেও ওয়াসা মাত্র ২১ কোটি লিটার পানি সরবরাহ করতে পারে।
চলমান চারটি প্রকল্প বাস্তবায়ন হলে সরবরাহ আরও ৪৩ কোটি লিটার বাড়বে জানিয়ে ভবিষ্যতে মহানগরীতে পানির কোনো সমস্যা থাকবে না বলে আশা প্রকাশ করে এ কে এম ফজলুল্লাহ।
চলমান চার প্রকল্পের মধ্যে রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ চলতি বছরের মার্চের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে জানিয়ে তিনি জানান, এই প্রকল্প চালু হলে চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন ১৪ কোটি লিটার বাড়বে।
এছাড়া সিডব্লিউএসআইএসপি প্রকল্পের কাজ ২০১৮ সালের মধ্যে শেষ হলে শহরে আরও নয় কোটি লিটার পানি সরবরাহ বাড়বে।
আর বোয়ালখালীর ভাণ্ডালজুরি এলাকায় ২০১৫ সালে নেওয়া নতুন প্রকল্পের কাজ ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার আশা করা হচ্ছে, যেটি চালু হলে প্রতিদিন ছয় কোটি লিটার পানি উৎপাদন বাড়বে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
আর একনেকে অনুমোদন পাওয়া কর্ণফুলী প্রকল্প (ফেজ-২) থেকে আরও ১৪ কোটি লিটার সরবরাহ সম্ভব হবে। এই প্রকল্পের কাজ ২০২২ সালের মধ্যে পুরোপুরি শেষ হবে বলে আশা প্রকাশ করেন ওয়াসা এমডি ফজলুল্লাহ।
চট্টগ্রাম ওয়াসার প্রকল্পগুলো বাস্তবায়ন হলে আগামী ৮০ বছর পর্যন্ত এর সুফল পাওয়া যাবে দাবি করে তিনি বলেন, “২০২১ সালের পরে পানির লাইনের জন্য আর রাস্তা কাটতে হবে না। প্রকল্পগুলো শেষ হলে চট্টগ্রাম শহরে একটি আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যাবে।’’
সিডব্লিউএসআইএসপি প্রকল্পের আওতায় ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন মাস্টারপ্ল্যান হলে চট্টগ্রাম মহানগরীতে একটি আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা চালুর প্রকল্প হাতে নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান ওয়াসা এমডি ফজলুল্লাহ।
সম্মেলনে অন্যদের মধ্যে চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) গোলাম হোসেন, রতন কুমার সরকার, সচিব মো. শামসুদ্দোহা, বাণিজ্যিক ব্যবস্থাপক বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন, প্রধান প্রকৌশলি মুহাম্মদ জহুরুল হক, জনসংযোগ কর্মকর্তা কাজী নুরজাহান শীলা উপস্থিত ছিলেন।
