‘বায়েজিদের নিহত গৃহবধূ নিজেই কেরোসিন ঢেলে গায়ে আগুন দেন’
এগার দিন আগে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় আগুনে পুড়ে মারা যাওয়া গৃহবধূ লাইলী বেগম নিজেই শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছে বলে দাবি করছে পুলিশ।
ওই গৃহবধূ নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন-সোমবার পুলিশের হাতে আসা একটি সিসিটিভি ফুটেজে তেমনটাই দেখা গেছে বলে দাবি করেন বায়েজিদ থানার ওসি মো. মহসিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঘটনাস্থলের পাশে একটি আবাসিক ভবনের সিসিটিভি ফুটেজে লায়লীর নিজের শরীরে আগুন দেওয়ার দৃশ্যটি দেখা গেছে।
“তারপর তার চিৎকারে আশেপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এবং পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্যও ওই ফুটেজে রয়েছে”।
তবে কি কারণে লায়লী ‘আত্মহত্যা’ করেছে সেটি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি মহসিন।
নিহত লাইলী বেগমের স্বামীর নাম মো. ইউসুফ। নগরীর বায়েজিদের শেরশাহ বাংলাবাজারের গুলশান আবাসিক এলাকা সংলগ্ন ঢেবারপাড়ে এই দম্পতির বাসা।
গত ২০ জানুয়ারি লাইলীকে ঢেবারপাড়ের বাসার বাইরে ডেকে নিয়ে তার স্বামী কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছিল তার পরিবার।
আগুনে প্রায় শতভাগ পুড়ে যাওয়া এই গৃহবধূ ঘটনার দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
লায়লীর মা রাবেয়া বেগম সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “স্বামী ইউসুফ তুচ্ছ কথা কাটাকাটির জেরে লায়লীকে ঘরের বাইরে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
লাইলীর স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে ইউসুফকে ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
পরে লাইলীর বাবা মুসলিমুর রহমান ঘটনার দিন রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে এতে ইউসুফকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
