চট্টগ্রামে স্ত্রীকে ‘পুড়িয়ে হত্যার চেষ্টার’ অভিযোগ
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন লাইলী বেগম (৩০) নামে এক গৃহবধূ।
তার স্বজনদের দাবি, শেরশাহ বাংলাবাজারের গুলশান আবাসিক এলাকার ঢেবারপাড়ের বাসার বাইরে বুধবার সকালে লাইলীকে হত্যা করতে তার নতুন স্বামী মো. ইউসুফ কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
তবে ইউসুফ পুলিশকে বলেছেন, লাইলী আত্মহত্যার চেষ্টা করেছেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইউসুফকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, নিজ ঘরের বাইরে পরিত্যক্ত এক স্থানে লাইলীর শরীরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. মৃণাল কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাইলীর শরীরের সব জায়গাই পুড়ে গেছে; তার অবস্থা আশঙ্কাজনক।”
কেরোসিন ঢেলে ধরানো আগুনে লাইলী দগ্ধ হন জানিয়ে তিনি বলেন, “তাকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা চলছে।”
ওসি মহসিন বলেন, “লাইলী কয়েক মাস আগে ইউসুফকে বিয়ে করেন। তার আগের ঘরে দুটি সন্তান আছে বলে স্থানীয়রা জানিয়েছে।”
তিনি বলেন, “লাইলী আত্মহত্যার চেষ্টা করেছে বলে তার স্বামী দাবি করেছে। তবে লাইলীর পরিবারের দাবি, তাকে হত্যার চেষ্টায় শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়; তাকে আত্মহত্যায় প্ররোচনাও দেয় তার স্বামী।”
দগ্ধ লাইলীর মা রাবেয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কথা কাটাকাটির জের ধরে লাইলীকে বাসা থেকে বের করে পরিত্যক্ত স্থানে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় ইউসুফ।”
প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তারা লাইলীকে উদ্ধার করে হাসপাতালে নেন বলে জানান তিনি।
রাবেয়া জানান, একবছর আগে লাইলীর সঙ্গে তার আগের স্বামীর ছাড়াছাড়ি হয়। ওই ঘরে তার আট বছর বয়সী মেয়ে ও চার বছর বয়সী ছেলে আছে।
লাইলী দুই মাস আগে পরিবারকে না জানিয়ে ইউসুফকে বিয়ে করেন বলে জানান তার চাচাত ভাই মনির।
