সমাবর্তনে মেতে উঠল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ছেড়ে আসা ক্যাম্পাসে গিয়ে পুরনো বন্ধুদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে সমাবর্তনের দিনটি কাটিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
রোববার বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে অংশ নেওয়া সাত হাজার সাবেক শিক্ষার্থী যেন ফিরে গেলেন অতীতের সেই দুরন্ত জীবনে।
শহর থেকে ক্যাম্পাসে আসা ট্রেনগুলো সাবেক শিক্ষার্থীদের গানে ছিল উচ্ছ্বল। একসময় শাটলে গাওয়া রবীন্দ্র, নজরুল, আধুনিক, প্যারোডি কিছুই বাদ যায়নি এক ঘণ্টার ট্রেন যাত্রায়।
ট্রেন থেকে ক্যাম্পাসে নেমেই আড্ডায় মেতে উঠেন সাবেক এই শিক্ষার্থীরা। সবগুলো অনুষদ ভবনের সঙ্গে ঝুপড়িগুলোও ছিল আড্ডাস্থল।
মূল অনুষ্ঠানের পর দল বেঁধে অনেকে ঘুরতে যান শহীদ মিনার, জারুল তলা, চাকসু, জিরো পয়েন্ট, গ্রন্থাগার, জাদুঘর, ঝুলন্ত সেতুতে; এসব স্থানের সঙ্গে প্রায় সবারই অনেক স্মৃতি জড়িত।
পুরনো শিক্ষার্থীদের কেউ কেউ দেখেতে যান নিজের হল কক্ষও।
বিশ্ববিদ্যালয় স্টেশনে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলছিলেন বীণা দাশ ও কাঞ্চন কুমার কুন্ডু। বিভাগের সহপাঠী এ দু’জনের বন্ধুত্ব গড়িয়েছে দাম্পত্যে।
বীণা দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরনো বন্ধুদের কাছে পেয়ে খুব ভালো লাগছে। বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর আর তো দেখা হয়নি।”
এই সমাবর্তনে ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের এবং ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পিএইচডি, এমফিল, এমএস, চিকিৎসা বিজ্ঞান, নার্সিং ও সাধারণ ডিগ্রিধারীদের সনদ ও চ্যান্সেলর পদক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
দেশের অন্য প্রান্ত জয়পুরহাট থেকে খালাকে নিয়ে সমাবর্তনে অংশ নিতে এসেছেন রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী হামিদুন্নেসা।
খাবার আর টুপি নিয়ে ক্ষোভ
আনন্দ-উচ্ছাসের মধ্যেও সমাবর্তনের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ছিল কিছু শিক্ষার্থীর।
রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী নাট্যকার সুজাত শিমুল আর তার বন্ধুরা সমাবর্তনের খাবার আর ক্যাপ নিয়ে ক্ষোভের কথা জানান।
সুজাত শিমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা থেকে এসেছি। কিন্তু দুপুরে যে খাবারের প্যাকেট সরবরাহ করেছে, তা খুলে দেখি বন, চিকেন ফ্রাই, কমলাসহ সব সকালের নাস্তা। ভাতের ক্ষুধা কি নাস্তায় মেটে? এখন ক্ষুধায় কষ্ট পাচ্ছি।”
সমাবর্তনে ক্যাপ না পেয়ে অনেকেই বাইরে থেকে ক্যাপ কিনে এনেছেন। আর যারা কিনতে পারেননি তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমালোচনা করেন।
রাজনীতি বিজ্ঞান বিভাগের জগদীশ চন্দ্র দে বলেন, “সমাবর্তনে ক্যাপ-টাই দিবে না জানলে কিনে নিতাম। ক্যাপ না পাওয়ায় গাউন পড়তে কেমন যেন বেখাপ্পা লাগছে।”
তবে সাবেক শিক্ষার্থী শফিকুল বারী বলেন, “কিছু অপূর্ণতা থাকলেও শিক্ষার্থীরা সমাবর্তনে পুরাতন বন্ধুদের সাথে কাটালাম অসাধারণ কিছু সময়। স্মৃতির খাতা সমৃদ্ধ হল মূল্যবান কিছু স্মৃতিতে।”
সমাবর্তন শেষে বন্ধুদের বিদায় দিয়ে ফিরতি পথে শিক্ষার্থীদের অনেকের মুখে ছিল ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ গানটি।
