বন্দরে দুর্ঘটনায় তেলবাহী জাহাজ
চট্টগ্রাম বন্দরের জেটিতে দুর্ঘটনায় পড়েছে তেলবাহী একটি জাহাজ।
রোববার বিকালে ডলফিন অয়েল জেটিতে এ ঘটনার পর কিছু তেল কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়ে। এরপর দুর্ঘটনা কবলিত জাহাজটি সরিয়ে বহির্নোঙরে নিয়ে যাওয়া হয় বলে বন্দর বেতার নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে।
নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকাল পৌনে ৩টার দিকে ডলফিন অয়েল জেটি-৭ এ তেলবাহী জাহাজ এমটি ফেং হাই-১৫ এর রশির সঙ্গে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার সৌরভের নোঙর পেঁচিয়ে যায়। তখন ফেং হাই এর তেল খালাসের পাইপ ভেঙে যায়।
ফেং হাই-১৫ জাহাজের স্থানীয় এজেন্ট মোহাম্মদী ট্রেডিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক কাজী আবু নাঈম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই সময় তীব্র জোয়ার ছিল।
বর্তমানে বাংলাদেশে আমদানি-রপ্তানির মূল পথ চট্টগ্রাম সমুদ্র বন্দর (ফাইল ছবি)
ফেং হাই-১৫ জাহাজটি ইন্দোনেশিয়া থেকে টি কে গ্রুপের জন্য ৭ হাজার ৪৮১ টন পামতেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। এটি ডলফিন জেটিতে অবস্থান করে তেল খালাস করছিল।
তবে বাংলার সৌরভের সঙ্গে ওই জাহাজের কোনো সংঘর্ষ হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর হাবিবুর রহমান ভুঁইয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাজের ক্যাপ্টেন আমাকে জানিয়েছেন বাংলার সৌরভের কোনো ক্ষতি হয়নি। অন্য জাহাজটি বাংলার সৌরভের দিকে আসছিল, তবে কোনো ধাক্কা লাগেনি।”
“কোনো জাহাজ দীর্ঘসময় জেটিতে থাকলে কোনোভাবে রোপ (দড়ি) ক্ষতিগ্রস্ত হতে পারে। কী ঘটেছে, সেটা তদন্ত করে দেখা উচিত। বন্দরে সব ধরনের জাহাজেরই নিয়ম মেনে চলাচল ও অবস্থান করা উচিত,” বলেন কমডোর হাবিবুর।
ফেং হাই-১৫ কে জেটি থেকে সরিয়ে বর্হিনোঙরে নেওয়া হয়েছে জানিয়ে কাজী আবু নাঈম বলেন, দুর্ঘটনার বিষয়ে জাহাজ মালিককে জানানো হয়েছে। তারাই প্রতিনিধির মাধ্যমে জরিপ করে বলতে পারবে কী পরিমাণ তেল ছড়িয়েছে।
ঘটনার পর বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত বন্দরের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
