২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রের থেকে ব্যালটকে আ. লীগের বেশি ‘ভয়’: নোমান

আওয়ামী লীগ অস্ত্রের চেয়ে ব্যালটকে বেশি ‘ভয়’ পায় বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 07:24 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

শুক্রবার বিকালে চট্টগ্রামে নগর বিএনপি’র কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, “এ সরকার জনগণের ওপর নির্ভর করে না। জনগণের ওপর নির্ভর করতে হলে নির্বাচন দিতে হবে, যা আওয়ামী লীগ কখনও করবে না।

“আওয়ামী লীগ অস্ত্রকেও অত ভয় পায় না, যতটা পায় ব্যালটকে”।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।

নোমান বলেন, “উন্নয়নের নামে সরকার জনগণকে স্বপ্নের ঘি খাওয়াচ্ছে। স্বপ্নের ঘি যত খুশি খাওয়া যায়, বাস্তবে এক ছটাকও পেটে সয় না”।

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর শনিবারের সফর নিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী চট্টগ্রামে এসে উন্নয়নের নানান কথা বলবেন। কিন্তু চট্টগ্রামকে সত্যিকার অর্থে ভালোবাসতেন শহীদ জিয়া (জিয়াউর রহমান)”।

সেই কারণেই বিএনপির সময়ে ঢাকা থেকে শিপিং করপোরেশন, পেট্রোলিয়াম করপোরেশন, চা বোর্ডসহ পাঁচটি সংস্থার প্রধান কার্যালয় চট্টগ্রামে করা হয় বলে দাবি নোমানের।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এএম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার বক্তব্য রাখেন।