চট্টগ্রামে বাস থেকে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি বাসে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাছবাড়িয়া এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রাম আসা ইউনিক পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সৈয়দ আমিন (৪০), কামাল হোসেন (৩৭) ও সাইফুল ইসলাম (২৪)। তারা কক্সবাজারের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চন্দনাইশ থানার এসআই কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গাছবাড়িয়া সরকারি কলেজ এলাকায় ইউনিক পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়।
“এসময় গ্রেপ্তারকৃতদের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি করে তিনটি বন্দুক পাওয়া যায়।”
গ্রেপ্তারকৃতরা অস্ত্রগুলো নিয়ে নগরীতে আসছিল জানিয়ে এসআই কামাল বলেন, “ধারণা করা হচ্ছে তারা তিন জন অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।”
