কোকেন মামলা: নুর মোহাম্মদকে ফের রিমান্ডে চায় র্যাব
চট্টগ্রামে তেলের সঙ্গে মিশিয়ে তরল কোকেন আনার ঘটনায় গ্রেপ্তার আমদানিকারক প্রতিষ্ঠানের প্রধান নুর মোহাম্মদকে দ্বিতীয় দফায় হেফাজতে চায় র্যাব।
তিন দিনের রিমান্ড শেষে শনিবার সন্ধ্যায় র্যাব তাকে চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলীর আদালতে হাজির করে আরও তিন দিনের রিমান্ডের আবেদন করে।
আবেদনের শুনানির জন্য আদালত সোমবার দিন ঠিক করেছেন বলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মামলার বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ এবং তথ্য যাচাই-বাছাই করতে আবার রিমান্ডের আবেদন করা হয়েছে র্যাবের পক্ষে।”
বন্দরে কোকেনবাহী কনটেইনার জব্দের সাত মাস পর ১৫ জানুয়ারি র্যাব-৭ সদর দপ্তরে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয় নুর মোহাম্মদকে।
এরপর তাকে গ্রেপ্তার দেখিয়ে সেদিন বিকালেই আদালতে হাজির করা হয়। রাতে আদালতের নির্দেশ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় নুর মোহাম্মদকে।
এরপর র্যাব-৭ এর আবেদনে সাড়া দিয়ে ১৭ জানুয়ারি তারে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
পর দিনই আসামি পক্ষের করা আবেদনের প্রেক্ষিতে রিমান্ড স্থগিত করা হয় এবং এ বিষয়ে শুনানি শেষে ২০ জানুয়ারি আসামি পক্ষের করা রিমান্ড বাতিলের আবেদন খারিজ করে আদালত।
এর আগে গত ৭ ডিসেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির ধার্য দিনে অভিযোগপত্র গ্রহণ না করে মামলাটি অধিকতর তদন্ত করতে র্যাবকে নির্দেশ দেয় আদালত।
মামলার এক আসামি ১৬৪ ধারার জবানবন্দিতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুর মোহাম্মদের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করেন জানিয়ে আদালত পুলিশের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ করেনি।
পাশাপাশি র্যাবকে কমপক্ষে অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে এ তদন্ত করতে নির্দেশ দেয় আদালত।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৭ জুন চট্টগ্রাম বন্দরে থাকা একটি কনটেইনার আটক করে সিলগালা করে দেয় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
বন্দর কর্মকর্তারা জানান, বলিভিয়া থেকে আমদানি করা সূর্যমুখী ভোজ্যতেলবাহী কনটেইনারটি জাহাজীকরণ হয় উরুগুয়ের মন্টেভিডিও বন্দর থেকে। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে গত ১২ মে কনটেইনারটি এসে পৌঁছায় চট্টগ্রাম বন্দরে।
এ ঘটনায় ২৮ জুন চট্টগ্রাম নগরীর বন্দর থানায় আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ ও কর্মচারী গোলাম মোস্তফা সোহেলকে আসামি করে মাদক আইনে একটি মামলা করে পুলিশ ।
পরে আদালত মামলাটিতে চোরাচালানের ধারা সংযোগের নির্দেশ দেয়।
গত ১৯ নভেম্বর এ ঘটনায় মাদক আইনে করা মামলায় আট জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) মো. কামরুজ্জামান।
১৯৯০ সালের মাদকদ্রব্য আইনের ১৯ (১) এর খ ধারায় এবং দণ্ডবিধির ৩৩(১) ধারায় দেয়া অভিযোগপত্রে মোট ৫৮ জনকে সাক্ষী করা হয়।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয় অভিযোগপত্রে।
মামলায় অভিযুক্তরা হলেন- আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের কর্মকর্তা গোলাম মোস্তফা সোহেল, মো. মোস্তফা কামাল, আইটি বিশেষজ্ঞ মেহেদী আলম, গার্মেন্ট পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী মো. আতিকুর রহমান, সিঅ্যান্ডএফ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক (করপোরেট, বিক্রয় ও বিপণন) এ কে আজাদ এবং যুক্তরাজ্যের দুই নাগরিক ফজলুর রহমান ও বকুল মিয়া।
অভিযুক্তদের মধ্যে যুক্তরাজ্যের নাগরিক ফজলুর রহমান ও বকুল মিয়া পলাতক এবং সাইফুল ইসলাম গত ২ ডিসেম্বর উচ্চ আদালতের জামিন নিয়ে কারাগার থেকে ছাড়া পান।
