২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় টেম্পোচালক নিহত, আহত ৩৩ পোশাককর্মী

চট্টগ্রামের বাকলিয়া ও শাহ আমানত সেতুর টোলকেন্দ্রে দুর্ঘটনায় পড়েছে দুটি পোশাক কারখানার শ্রমিকবহনকারী বাস।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 01:32 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

এর মধ্যে বাকলিয়ার রাজাখালী এলাকায় শ্রমিকদের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক টেম্পোচালক নিহত হয়েছেন।

আর শাহ আমানত সেতুর টোল বক্সের কাছে দুর্ঘটনায় অন্তত ২৫ জন শ্রমিক আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।  

রোববার সকালে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত টেম্পোচালক সৈয়দ হোসেন শফিকের (২৫) বাড়ি রাজাখালী ফায়ার স্টেশন এলাকায়।

বাকলিয়া থানার এসআই চায়না বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ‘নুজাত ফ্যাশন’ কারখানার শ্রমিকদের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে টেম্পোচালকসহ দুই বাহনের ৭/৮ আটজন আরোহী আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে ওই চালকের মৃত্যু হয়।”

কাছাকাছি সময়ে শাহ আমানত সেতুর টোলবক্সে আরেকটি দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের বরাত দিয়ে কর্নফুলী থানার এসআই মিজানুর রহমান জানিয়েছেন।

“সকালে টোল দেওয়ার জন্য থেমে থাকা একটি বাসের পেছনে ‘শামীম ফ্যাশন’ কারখানার শ্রমিকবহনকারী বাসটি ধাক্কা দিলে ২৫ জন শ্রমিক আহত হন।”  

আহতদের চট্টগ্রাম মেডিকেল ও কলেজ বাজার এলাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।