২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাদল হত্যার আরেক আসামি কারাগারে

চট্টগ্রামে যুবলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যা মামলার আসামি নুরু আত্মসর্মপণের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 06:19 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপুর আদালতে আত্মসমর্পণ করেন আসামি নুরু।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নুরু উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন।

“জামিনের মেয়াদ ছিল সাত দিন। এরপর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু নুরু তা করেনি। আজ আদালতে হাজির হলে নুরুকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।”

এর আগে ১১ জানুয়ারি রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে এই মামলার প্রধান আসামি গোলাম রসুল সাদ্দামকে (২৭) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গত বছরের ১ সেপ্টেম্বর রাতে ঘরে ফেরার সময় নগরীর বায়েজিদ থানার শের শাহ কলোনিতে নিজ বাসার সামনে গুলি করে হত্যা করা হয় পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নগর যুবলীগের কর্মী বাদলকে।

বাদল চট্টগ্রামের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

হত্যাকাণ্ডের পরপরই বাদলের ভগ্নিপতি দাবি করেছিলেন, স্থানীয় সন্ত্রাসী শফি, কুদ্দুস, সাদ্দাম ও তাদের অনুসারী সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এ ঘটনায় কয়েকদিন পর নিহত মেহেদীর স্ত্রী মোবাশ্বেরা বেগম বাদি হয়ে বায়েজিদ থানায় ২২ জনকে আসামি করেন একটি হত্যা মামলা করেন।