পে-স্কেল: চট্টগ্রামে স্কুল-কলেজ শিক্ষকদের মানববন্ধন
জানুয়ারি মাসের বেতনের সঙ্গে নতুন পে-স্কেল অনুযায়ী ছয় মাসের এরিয়ার (বকেয়া টাকা) না পাওয়ায় নতুন চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে এমপিওভুক্ত বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।
সোমবার দুপুরে বাকবিশিস’র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ রফিক উদ্দিনের সভাপতিত্বে এ সমাবেশ হয়।
সমাবেশে প্রধান বক্তা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, "নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন অনুসারে ১ জুলাই ২০১৫ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীকে বকেয়াসহ জানুয়ারি মাস থেকে বেতন-ভাতা দিতে হবে।
“অন্যথা হলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা স্কুল-কলেজ অনির্দিষ্ট কালের ধর্মঘট আহ্বান করে শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে রাজপথে আসতে বাধ্য হবে। এ ধরনের অনভিপ্রেত কিছু হলে তার দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।”
সমাবেশে শিক্ষক নেতারা বলেন, নতুন পে-স্কেল কার্যকরের সুবাধে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে পণ্যের দাম অস্বাভাবিক বাড়িয়ে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগে ফেলছে।
এ ব্যাপারে সরকারকে বাজার তদারিক করার আহ্বান জানান তারা।
গত বছরে ১৫ ডিসেম্বর অষ্টম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ করে সরকার, যাতে গত ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হবে জানিয়ে আদেশ জারি হওয়া পর্যন্ত সময়ের বাকি অর্থ বকেয়া হিসেবে দেওয়ার কথা বলা হয়েছিল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) আঞ্চলিক কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী, বাকবিশিস বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক উত্তম চৌধুরী, বিভাগীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল মনসুর মো. হাবিব, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক কানাই দাশ, জেলা কমিটির সাধারণ সম্পাদক তড়িত ভট্টাচার্য্য বক্তব্য রাখেন।
