২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওসি’র বিরুদ্ধে আদালতে গৃহিনীর নালিশ

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলী এলাকার একটি বাড়িতে অনধিকার প্রবেশ, মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় দুই বাসিন্দাসহ পাহাড়তলি থানার ওসি রণজিত বড়ুয়ার বিরুদ্ধে আদালতে নালিশ করেছেন এক গৃহিনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 07:03 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

বাকি যে দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন- কাট্টলী এলাকার সুলতান আহমদ এবং তার ছেলে ইমতিয়াজ আহমদ।

চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলী সোমবার ওই নারীর অভিযোগ শুনে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত অতিরিক্ত পুলিশ সুপারের নিচে নয় এমন একজন কর্মকর্তাকে দিয়ে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।

তবে তার বিরুদ্ধে করা অভিযোগের কোনো সত্যতা নেই দাবি করে পাহাড়তলি থানার ওসি রণজিত বড়ুয়া বলছেন, ‘বিবদমান’ দুই পক্ষের বিবাদ মেটাতে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন।

অভিযোগকারী গৃহিনীর স্বামী একজন প্রবাসী। 

অভিযোগকারীর আইনজীবী মোয়াজ্জেম হোসেন পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমার মক্কেলের ছোট ভাইকে স্থানীয় ইমতিয়াজ ও সুলতান মারধর করে। এ অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে কিছুদিন আগে থানায় একটি মামলা করেন তিনি।

“মামলাটি তুলে নিতে থানায় ডেকে নিয়ে তাকে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় ১৪ জানুয়ারি ওসি ওই দুইজনকে সঙ্গে নিয়ে ওই নারীর বাড়িতে যায়,” বলেন অভিযোকারীর আইনজীবী মোয়াজ্জেম।

সেখানে ওসি রণজিত বড়ুয়া জুলিকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় এবং তাকে মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ওসি অভিযোগকারীর শ্লীতাহানীর চেষ্টাও করেন; এসময় পরিবাবেরর অন্য সদস্যরা এগিয়ে এলে তিনি রক্ষা পান।

আইনজীবী মোয়াজ্জেম হোসেন দাবি করেন, ওসি ওইদিন ওই নারীকে চড় থাপ্পড় মারেন এবং তাদের পেটে বুট জুতা দিয়ে লাথিও মারেন।

অভিযোগকারী নারী বর্তমানে সুস্থ আছেন এবং নিজ বাড়িতে অবস্থান করছেন বলেও জানান তার আইনজীবী।

ওসি রণজিত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একজন নারী আদালতে নালিশী দরখাস্ত করেছেন বলে শুনেছি। এর কোনো সত্যতা নেই।

“সেদিন দুই পক্ষ মুখোমুখি হয়েছে শুনে অন্য পুলিশ সদস্যের সঙ্গে সেখানে গিয়ে মধ্যস্থতা করে দেই। সেটা হয়ত তার পক্ষে যায়নি, এখন তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করছেন।"

ওই নারী এবং তাদের বিরোধী পক্ষ উভয়ের বিরুদ্ধেই থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।