২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডকইয়ার্ড সিলগালা, চার ঘাট উচ্ছেদ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর পাশে গড়ে ওঠ একটি অবৈধ ডকইয়ার্ড সিলগালা করা হয়েছে। এছাড়া সেতুর নিচের চারটি অবৈধ ঘাট উচ্ছেদ এবং একটি লাইটার জাহাজাকে জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 08:32 PM

Updated : 20 Aug 2022, 11:36 AM

বন্দরের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম জানান, সেতুর উত্তর পাশে অবৈধভাবে গড়ে ওঠা একটি ডকইয়ার্ড রোববার সিলগালা করে দুই দিনের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অবৈধ ঘাট চারটি উচ্ছেদের কথা জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বালির বস্তা, বাঁশ ও কাঠ দিয়ে জাহাঙ্গীর মেম্বারসহ স্থানীয় কয়েকজন সেগুলো তৈরি করেন লাইটার জাহাজ থেকে সিমেন্ট ও কয়লা নামিয়ে সড়কপথে পরিবহনের জন্য।

“ঘাটগুলোর মাধ্যমে ‘প্রভাবশালী চক্রটি’ বন্দরের রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসা করছিল।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাশেম বলেন, “অভিযানে ঘাট পরিচালনাকারী কাউকে পাওয়া যায়নি। কয়লা আমদানিকারক পক্ষের একজন ও খালাসকারী জাহাজের মাস্টারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

“অবৈধভাবে আনলোড করা কয়লা দুই দিনে খালাসের নির্দেশও দেওয়া হয়েছে।”

তিনি জানান, ওভারলোডিং ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ‘নজির বেপারি’ নামে একটি লাইটার জাহাজকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে এদিন।