ইপিজেড এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত
চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে থানার কর্ণফূলী ইপিজেড গেইটের বিপরীতে কাঠগড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিমন দেব (২০) কাঠগড় ২ নম্বর গলির মন্টু দেবের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিমনকে তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসে পায়ে ছুরিকাঘাত অবস্থায়।
“এসময় কর্তব্যরত চিকিৎসক রিমনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”
ইপিজেড থানার এসআই আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে বলে হাসপাতাল পুলিশ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে খোঁজ নিতে পুলিশ গেছে।”
