২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কওমি মাদ্রাসা নিয়ে অপপ্রচার চলছে: আহমদ শফী

বাংলাদেশে কওমি মাদ্রাসা নিয়ে অপপ্রচার চলছে দাবি করে এজন্য ‘ইহুদি-খ্রিস্টান গোষ্ঠী ও আধিপত্যবাদী শক্তির এদেশীয় এজেন্টদের’ দায়ী করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 10:21 PM

Updated : 20 Aug 2022, 11:34 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে হেফাজতে ইসলামের দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইহুদি-খ্রিস্টান সাম্রাজ্যবাদী গোষ্ঠী ও আধিপত্যবাদী শক্তিগুলোর এদেশীয় এজেন্টরা শান্তিপ্রিয় আলেম সমাজ, ধর্মপ্রাণ মানুষ এবং কোরআন-হাদিসের বিশুদ্ধ জ্ঞানচর্চা কেন্দ্র কওমি মাদ্রাসাগুলো সম্পর্কে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।”

বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের জন্য কওমি মাদ্রাসাগুলোকে দায়ী করার প্রেক্ষাপটে হাটহাজারী মাদ্রাসার অধ্যক্ষ আহমদ শফীর এই বক্তব্য এল।  

তিনি বলেন, “জঙ্গি তৎপরতার বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র প্রমাণ এবং ঔপনিবেশিক শক্তির আগ্রাসনের ক্ষেত্র প্রস্তুত করতে অব্যাহতভাবে কাজ করছে।”

আহমদ শফী বলেন, “ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। কওমি মাদ্রাসায় কোনো সন্ত্রাস ও জঙ্গি কর্মকাণ্ড হয় না। এখানে আল্লাহওয়ালা, বুজুর্গ ও কোরআন-হাদিসের পণ্ডিত তৈরি হয়।”

সম্মেলনে সভাপতির বক্তব্যে হেফাজতের সিনিয়র নায়েবে আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ‘ইসলামবিদ্বেষী অপশক্তির’ বিরুদ্ধে ‘জিহাদের’ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

হেফাজতের মহাসচিব জুনাইদ বাবুনগরী ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রাখার দাবি জানান।

মইনুদ্দিন রুহীর পরিচালনায় সম্মেলনে হাফেজ তাজুল ইসলাম, সালাহউদ্দিন নানুপুরী, হাফেজ নুরুল ইসলাম, মোস্তফা আল হোসাইনী, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক ওবাইদুর রমান খান নদভী বক্তব্য রাখেন।