২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়তলীতে দখলমুক্ত ওয়াসার পাঁচ একর

পাহাড়তলী এলাকার প্রায় কোটি টাকা মূল্যের পাঁচ একর জায়গা দখলমুক্ত করার কথা জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 09:17 PM

Updated : 20 Aug 2022, 11:34 AM

বৃহস্পতিবার উত্তর পাহাড়তলীর ফিরোজ শাহ এলাকার ওই জায়গা থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয় বলে চট্টগ্রাম ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, চট্টগ্রাম ওয়াসার মালিকানাধীন ডিটি বুস্টার কেন্দ্রের জায়গায় অবৈধভাবে সেমিপাকা ঘর, দোকানসহ মোট চারটি স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি); ছিলেন ছিলেন চট্টগ্রাম ওয়াসার ভূ-সম্পত্তি কর্মকর্তা আনোয়ারুল আজিম।

দখলমুক্ত জায়গার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানান চট্টগ্রাম ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল।