‘অর্থনৈতিক মুক্তি দেখে পাকিস্তানমুখি করার ষড়যন্ত্র’
সব ‘বাধা দূর করে’ বাংলাদেশ যখন অর্থনৈতিক ‘মুক্তির দ্বারপ্রান্তে’ তখন ফের বাংলাদেশকে পাকিস্তানমুখি করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।
বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাদেশ মেরিন একাডেমিতে নৌ-ক্যাডেটদের ৫০তম ব্যাচের গ্র্যাজুয়েশন প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
শাজাহান খান বলেন, পাকিস্তান ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচার করার অঙ্গীকার করে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত পাকিস্তান সে অঙ্গীকার রাখেনি; কথা রাখেনি পাকিস্তান।
একাত্তরের সব যুদ্ধাপরাধীর বিচার না হওয়া পর্যন্ত বাংলার মাটি পবিত্র হবে না- মন্তব্য করে তিনি বলেন, “মায়ের সামনে মেয়েকে, ভাইয়ের সামনে বোনকে, স্বামীর সামনে স্ত্রীকে যারা ধর্ষণ করেছে; সন্তান হিসেবে তাদের আমরা কখনোই ক্ষমা করতে পারব না।”
মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষকে হত্যার মদদদাতা ও স্থানীয় সহযোগীদের বিচার শুরু হওয়ায় বাংলাদেশ নানামুখি ষড়যন্ত্রের শিকার হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “সব বাধা বিঘ্ন দূর করে বাংলাদেশ যখন অর্থনৈতিক মুক্তির দ্বারপ্রান্তে তখন আবারও বাংলাদেশকে পাকিস্তানমুখি করার ষড়যন্ত্র চলছে।”
মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ-ভারত-পাকিস্তানের মধ্যে ত্রিদেশীয় চুক্তির আওতায় যুদ্ধাপরাধের অভিযোগে আটক ওই ১৯৫ সেনাকে নিজ দেশে বিচারের মুখোমুখি করার শর্তে ফেরত নেয় পাকিস্তান।
এরপর ৪৪ বছর পার হলেও তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়নি দেশটি।
পাকিস্তানি ওই সেনাদের বিচারের দাবিতে গত ডিসেম্বর মাসে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’ এর ব্যানারে আন্দোলন শুরু হয়; যার উদ্যোক্তাদের একজন নৌমন্ত্রী।
এর অংশ হিসেবে ২০১৬ সালের ২৬ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি প্রতীকী আদালতে ১৯৫ জন পাকিস্তানি সেনার বিচারের উদ্যোগও নেওয়া হয়েছে।
নৌ-ক্যাডেটদের উদ্দেশে মন্ত্রী বলেন, “বাংলাদেশ আমাদের মাতৃভূমি। দেশে-বিদেশে যেখানেই কাজ করো না কেন দেশপ্রেম হবে তোমাদের মূলমন্ত্র।
“জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। কিন্তু যে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন তিনি দেখেছিলেন তা আজও বাস্তবায়ন হয়নি।”
এসময় ‘সেই অর্থনৈতিক মুক্তি’ অর্জনে বৈশ্বিক যে সুযোগ আছে তা কাজে লাগানোর আহ্বান জানান শাজাহান খান।
বাংলাদেশরা নাবিকরা বছরে এক হাজার ৬০০ কোটি টাকার সমান বৈদেশিক মুদ্রা আয় করে জানিয়ে নৌমন্ত্রী বলেন, গোটা বিশ্বে পণ্য পরিবহন বাড়ছে। সমুদ্র পরিবহণে খরচ কম হওয়ায় বিশ্বে আমদানি-রপ্তানির ৯০ ভাগই হয় সমুদ্র পরিবহনের মাধ্যমে।
“এখানে টিকে থাকতে হলে আমাদের নৌ-ক্যাডেটদের দক্ষ হয়ে উঠতে হবে। শিক্ষা জীবনে অজির্ত জ্ঞানের যথার্থ প্রয়োগ ঘটিয়ে সে চ্যালেঞ্জ নিতে হবে তোমাদের।”
১৯৭৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট চার হাজার ৭১ জন নৌ ক্যাডেট গ্র্যাজুয়েশন করেছেন জানিয়ে মন্ত্রী শাজাহান বলেন, মেরিন একাডেমি ১৯৬২ সালে হলেও স্বাধীনতার পর বঙ্গবন্ধু এটাকে আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ‘মেরিন একাডেমি ডেভেলপমেন্ট’ নামে একটি প্রকল্প হাতে নেন।
এরই অংশ হিসেবে পর্যায়ক্রমে বাংলাদেশ মেরিন একাডেমি আন্তর্জাতিক মানের ক্যাডেট তৈরি করছে।
তিনি জানান, নৌ পরিবহন ব্যবস্থার সম্ভাবনা কাজে লাগাতে রংপুর, বরিশাল, পাবনা ও সিলেটে আরও চারটি মেরিন একাডেমির ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ মেরিন একাডেমির ৫০তম ব্যাচের ২৯১ জন নৌ-ক্যাডেট গ্র্যাজুয়েশন লাভ করেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায় ও বাংলাদেশ মেরিন একাডেমির এডজুট্যান্ট মনজুর রহমান।
