২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 04:56 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

সোমবার রাতে নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার আল মাদানী রোডের একটি বাসা থেকে এগুলো উদ্ধার করা হয় বলে র‌্যাবের উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম জানিয়েছেন।

গ্রেপ্তার মো. রাশেদ নিজাম (২৫) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ধোরলা ইউনিয়নের বাসিন্দা।

মঙ্গলবার সকালে নগরীর চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে সাফায়েত জামিল ফাহিম বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসার ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জামসহ রাশেদকে গ্রেপ্তার করা হয়।

এসময় ওই বাসা থেকে সাত হাজার ৪৭৪টি সীম জব্দ করা হয় বলে জানান তিনি।

এগুলোর মধ্যে তিন হাজার ৪১২টি রবি, এক হাজার ১৬১টি গ্রামীণ, এক হাজার ৮০০ টি এয়ারটেল, ২০০টি বাংলালিংক ও ৯০০টি টেলিটক কোম্পানির সীম রয়েছে বলে জানান ফাহিম।

উদ্ধারকরা ভিওআইপি সরঞ্জামগুলোর আনুমানিক দাম ২২ লাখ টাকা বলে জানান তিনি।