২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় নুরুলের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

পৌরসভা নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়ায় সহিংসতায় নিহত নুরুল আমিনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 08:05 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

রোববার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

হত্যাকাণ্ডের ১০ দিন পার হলেও পুলিশ মূল অভিযুক্ত মোজাম্মেল হক, মুজিবুল হক ও মাইনুকে গ্রেপ্তারে কোনো পদক্ষেপ নেয়নি বলে এলাকাবাসীর অভিযোগ।

মানববন্ধনে নিহতের স্ত্রী নুরুন নাহার অভিযুক্তদের গ্রেপ্তারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ চান।

তিনি বলেন, “প্রকাশ্যে দিনে দুপুরে আমার স্বামীকে গুলি করে হত্যা করা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।”

অবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

সাতকানিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিন জানান, খুনিরা চিহ্নিত হলেও পুলিশের গড়িমসির কারণে তারা গ্রেপ্তার হচ্ছে না।

ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত এলাকাবাসী মাঠে থাকবে বলেও জানান তিনি।

গত ৩০ ডিসেম্বর পৌর ভোটের দিন সকালে সাতকানিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডে কেন্দ্র থেকে দেড় কিলোমিটার দূরে দুই কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক ও মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান নুরুল আমিন।