ফতেয়াবাদে আবাসিক প্রকল্প বাতিলে স্থানীয়দের মানববন্ধন
বন্দরনগরীর পাশে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে চট্টগ্রাম নগর উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আবাসন প্রকল্প তৈরির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে স্থানীয়রা।
শনিবার বিকালে ফতেয়াবাদ কলেজ গেইটে 'বসতভিটা রক্ষা কমিটি'র ব্যানারে মানববন্ধন ও এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
পরিকল্পনাধীন আবাসন প্রকল্প বাতিলের পাশাপাশি ফতেয়াবাদ এলাকায় বাড়িঘর নির্মাণে স্থানীয়দের নকশা অনুমোদনের দাবিও জানান তারা।
সমাবেশে বসতভিটা রক্ষা কমিটির আহ্বায়ক দুর্গাপদ নাথ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, গাজী ইউসুফ, আব্দুর শুক্কর, মো. আলী, গাজী শরিফ, গাজী নেজামসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সিডিএ'র সম্ভাব্য আবাসন প্রকল্পের কারণে ফতেয়াবাদ এলাকার অনেক মানুষ নিজেদের জমি থেকে উচ্ছেদ এবং গৃহহারা হবে।
প্রকল্পটির কারণে জমি অধিগ্রহণ হতে পারে এ ধারণা থেকে ওই এলাকার জমির দাম কমে গেছে বলেও অভিযোগ করেন তারা।
প্রকল্পের কারণে সিডিএ নকশা অনুমোদন বন্ধ রেখেছে অভিযোগ করে বক্তারা বলেন, নকশা অনুমোদন না করায় ফতেয়াবাদ এলাকার মানুষ বাড়ি নির্মাণ করতে পারছে না। এ কারণে মানুষের ভোগান্তি হচ্ছে।
২০০৭ সালে নগরীর পাশে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায় চার হাজার ৭০০ একর জায়গা নিয়ে উপ-শহর করার পরিকল্পনা নেয় সিডিএ।
এর পর থেকেই ‘বসত ভিটা রক্ষা কমিটি ’ গঠন করে স্থানীয় লোকজন। এর অংশ হিসেবে গত ১২ নভেম্বর প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপিও দেয় কমিটি।
