২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবৃত্তি সংগঠন 'বোধন'র তিন দশক পূর্তি উদযাপন শুরু

চট্টগ্রামের আবৃত্তি সংগঠন ‘বোধন’র তিন দশক পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 10:37 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি’ শীর্ষক এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন।

চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার ও জনতা ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক আবু নাসের চৌধুরী উদ্বোধনীতে বক্তব্য রাখেন।

উদ্বোধনী দিনের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন বোধন আবৃত্তি পরিষদের সভাপতি রণজিৎ রক্ষিত।

‘আঁধার ভেঙে আলোর বুনন’ স্লোগান নিয়ে ১৯৮৭ সালের ৯ জানুয়ারি চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় বোধন আবৃত্তি পরিষদ।

আবৃত্তি চর্চার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিসহ মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতেও জনসচেতনতামূলক কাজও করে থাকে এ সংগঠন।

তিন দশক পূর্তিতে বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনীতে আলোচনা ছাড়াও কলকাতা ও ঢাকার আবৃত্তি শিল্পীরা কবিতা পাঠ করেন।

কলকাতার শোভন সুন্দর বসু ও দৃষ্টি প্রামাণিক, ঢাকার মাসুম আজিজুল বাশার ছাড়াও চট্টগ্রামের পারভেজ চৌধুরী, প্রশান্ত চক্রবর্তি, শারমিন মৃত্তিকা, তৈয়বা জহির আরশী, অসীম দাশ, হোসনে আরা তারিণ কবিতা আবৃত্তি করেন।

শনিবার শিল্পকলা একাডেমিতে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের উপস্থিত থাকার কথা রয়েছে।

এতে চট্টগ্রাম ও চট্টগ্রামের বাইরের আবৃত্তি শিল্পী ও সংগঠন অংশ নেবে বলে জানিয়েছেন আয়োজকরা।