২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ড প্রেস ক্লাবে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পৌর নির্বাচনের আগে এক মেয়রপ্রার্থীর সংবাদ সম্মেলনের সময় সীতাকুণ্ড প্রেস ক্লাবে হামলার ঘটনায় আরেক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 03:27 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

বুধবার গভীর রাতে মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকা থেকে দাউদ সম্রাট (২৮) ওরফে ডাকাত সম্রাটকে গ্রেপ্তার করা হয় বলে সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান।

সীতাকুণ্ডের মধ্যম মহাদেবপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে সম্রাট যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয়দের বরাতে জানিয়েছেন ওসি।

হামলার ঘটনায় এর আগে মীরজাফর ওরফে জাফর (৪৫) ও আমজাদ হোসেন (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

গত ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের বিদ্রোহী মেয়রপ্রার্থী নায়েক (অব.) শফিউল আলমের সংবাদ সম্মেলনের সময় সম্রাটের নেতৃত্বে একদল সন্ত্রাসী সীতাকুণ্ড প্রেস ক্লাবে হামলা চালায়।

হামলায় মেয়রপ্রার্থীর সমর্থক ও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

পরে প্রেস ক্লাবের সভাপতি এম হেদায়েত বাদি হয়ে একটি মামলা করেন।