হরতালে স্বাভাবিক চট্টগ্রামের জনজীবন
জামায়াতে ইসলামীর শীর্ষনেতা যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি বহালের প্রতিবাদে হরতাল ডেকে মাঠে নেই দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে আসে বন্দরনগরীর জনজীবন।
হরতালে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেও কাজকর্ম চলছে স্বাভাবিকভাবে।
নগরী ও জেলার কোথাও জামায়াত-শিবিরের কর্মীদের কোনো মিছিল-সমাবেশের খবর পাওয়া যায়নি।
তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরেফীন জুয়েল জানিয়েছেন।
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পটিয়া, আনোয়ারা, লোহাগাড়া, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ- কোথাও অপ্রীতিকর কিছু ঘটেনি। পরিস্থিতি অন্যদিনের মতোই স্বাভাবিক আছে।”
বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজাই আপিলে বহাল থাকে।
