২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ১০ লাখ ইয়াবা

চট্টগ্রামে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার থেকে ১০ লাখ ইয়াবা জব্দ করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 12:49 PM

Updated : 11 Oct 2022, 07:32 PM

এ ঘটনায় কক্সবাজার ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রলারের মালিকসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ট্রলারের মাঝি আব্দুস সালাম (৫৫), মো. শফিক (৩৫) আব্দুর রহিম বার্মা (৩০), মিয়ানমারের নাগরিক মো. কামাল (৪২), ট্রলার মালিক সৈয়দ আলম (২৫), জয়নাল আবেদীন (২৫), রবিউল আলম (২৬) ও মো. ইসলাম মামুন (২৭)।

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এসব অভিযান চালানো হয় বলে র‌্যাব ৭-এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মিফতা উদ্দিন জানিয়েছেন।

গ্রেপ্তাররা ‘ইয়াবা পাচার চক্রের সদস্য’ বলে দাবি করেন তিনি।

মিফতা উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র থেকে ‘এফবি ইমন’ নামের ট্রালারটিকে ধাওয়া করে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে কোল্ড স্টোরেজের ভেতরে ছয়টি বস্তায় ভরে রাখা ইয়াবাগুলো পাওয়া যায়।  

এ সময় ট্রলার থেকে মাঝি সালাম, শফিক, রহিম ও কামালকে আটক করা হয়।

পরে তাদের তথ্যের ভিত্তিতে কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রলার মালিক সৈয়দ আলম, জয়নাল আবেদীন, রবিউলকে ও চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে জয়নাল ইয়াবাগুলোর মালিক বলে জানান মিফতা।

তিনি বলেন, ট্রলারে জাল ও বরফ পাওয়া গেলেও কোন মাছ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ট্রলারটি ইয়াবা পাচারের জন্য ব্যবহার করা হয়ে থাকে।

র‌্যাব-৭ অধিনায়ক মিফতা বলেন, “আমরা জানতে পেরেছি গ্রেপ্তার জয়নাল তার মামাত ভাই মো. মফিজের সহযোগিতায় গত মাসের শেষ সপ্তাহে মিয়ানমার থেকে সাড়ে চার লাখ ও ১০ লাখ করে দুই দফায় মোট সাড়ে ১৪ লাখ ইয়াবা ইয়াবা এনেছেন।”

জয়নাল ও ট্রলার মালিক সৈয়দ আলম যৌথভাবে ইয়াবা ব্যবসা করে আসছে দাবি করে তিনি বলেন, জয়নাল ও মফিজের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদক মামলা আছে।  

মফিজকে গ্রেপ্তারের জন্য র‌্যাব অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি গভীর রাতে বন্দরের বর্হিনোঙরের ১ নম্বর বয়া এলাকায় ‘এফবি রাজীব’ নামে মাছ ধরার ট্রলার থেকে ১৪ লাখ ইয়াবা উদ্ধার করে নৌ বাহিনীর ‘এন্টি স্মাগলিং সেলের’ টহল দল।