২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি সন্দেহে গ্রেপ্তার চবির ৩ ছাত্র ফের রিমান্ডে

জেএমবি সদস্য সন্দেহে গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে আরেক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবারও চার দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 03:29 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

সোমবার চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসান এ আদেশ দেন বলে চট্টগ্রাম জেলা পুলিশের ওসি (প্রসিকিউশন) এইচএম মশিউর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হাটহাজারী থানার অস্ত্র আইনের মামলায় তাদের ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আগের দিন বায়েজিদ থানার অন্য দুটি মামলায় এই তিন জনের চার দিন করে রিমান্ডের আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম আদালত।

গত ২৬ ডিসেম্বর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাইমুর রহমান নয়ন, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল নামে এই তিন জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

দুদিন পর কর্ণফুলী থানায় গত ৬ অক্টোবর দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের পাঁচ দিন করে রিমান্ডে পায় পুলিশ।

এর পর ২৯ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের এ তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করে কর্তৃপক্ষ।

পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নয়ন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

এর আগে গ্রেপ্তারদের মধ্যে রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় জেএমবির আঞ্চলিক কমান্ডার ফারদীনের বাসা থেকে বিপুল পরিমাণ গুলি, অত্যাধুনিক অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় চট্টগ্রামের হাটহাজারী থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ।

এর আগে নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার চার ‘জেএমবি সদস্য’কে নিয়ে ৫ অক্টোবর কর্ণফূলী থানার খোঁয়াজনগর এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে বিপুল পরিমাণ গ্রেনেড, বোমা তৈরির সরঞ্জামসহ জেএমবির সামরিক কমান্ডার জাবেদকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন ভোরে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় পুলিশের গ্রেনেড উদ্ধার অভিযানের সময় বিস্ফোরণে নিহত হন জাবেদ।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বায়েজিদ থানায় হত্যা ও বিস্ফোররক আইনে দুটি মামলা করা হয়।