২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মবিরতিতে চবি শিক্ষকরা

বেতন কাঠামোর বৈষম্য নিরসনের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালগুলোর শিক্ষকদের ফোরাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ১১ জানুয়ারি থেকে কর্মবিরতি ডাকলেও কর্মসূচি শুরু করে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 05:34 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

রোববার শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতিতে অচল হয়ে পড়েছিল এই বিশ্ববিদ্যালয়। কোনো ক্লাস বা পরীক্ষা হয়নি।

কর্মবিরতি চলার মধ্যেই শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায়পূর্বনির্ধারিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল মনছুর জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার থেকে আগামী সপ্তাহের রোববার পর্যন্ত কর্মবিরতির আওতা থেকে পূর্বনিধারিত পরীক্ষাগুলো বাদ দেওয়া হয়েছে। এসময়ে আমরা ক্লাস বা প্রশাসনিক কাজ না করলেও পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো চলবে।”

৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোর মোর্চা শিক্ষক সমিতি ফেডারেশন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বৈঠকে ১১ জানুয়ারি থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয়। 

এ বিষয়ে অধ্যাপক মনছুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেডারেশনের সিদ্ধান্ত দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই পালন করবেন। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আলাদা সমিতি আছে। সমিতির সভায় শিক্ষকদের সিদ্ধান্ত অনুসারেই আমরা আজ (রোববার) থেকে কর্মবিরতি পালন করছি।”

গত ৩০ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়েছিল বলে জানান তিনি।

অষ্টম বেতন কাঠামো ঘোষণার পর থেকেই গ্রেডে মর্যাদার অবনমন এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের প্রতিবাদে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।

এরপর সরকার শিক্ষকদের এই দাবি পর্যালোচনায় কমিটি করে। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিক্ষকদের নিয়ে বৈঠকও করেন।

গত ৬ ডিসেম্বর বৈঠকে অর্থমন্ত্রী শিক্ষকদের তিনটি দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তার ১০ দিন পর বেতন কাঠামোর গেজেটে তার মধ্যে প্রথম দুটির প্রতিফলন ঘটেনি বলে শিক্ষকদের অভিযোগ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা মানছুর বলেন, “অর্থমন্ত্রী আমাদেরকে শিক্ষকদের বিদ্যমান সুযোগ-সুবিধা না কমানোর এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হয়েছি।”