চট্টগ্রামে 'সাজাপ্রাপ্ত পলাতক' আসামিসহ গ্রেপ্তার ২
চট্টগ্রাম নগরী থেকে ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল গ্রামের জাকির হোসেন (৫৫) ও চরণদ্বীপ গ্রামের মো. রোকন উদ্দিন (২০)। ডাকাতিসহ বিভিন্ন মামলার এ দুই আসামি মধ্যে জাকির এক মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত বলে পুলিশ জানায়।
বৃহস্পতিবার ভোরে নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বোয়ালখালী থানার ওসি শামসুল ইসলাম।
আদালতে সাজাপ্রাপ্ত জাকিরের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অস্ত্রসহ ১৬টি মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, নগরীর চান্দগাঁও এলাকার একটি বাসায় অবস্থান করছে খবর পেয়ে সহযোগী রোকনসহ জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি দো-নলা বন্দুক, একটি দেশে তৈরি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত জাকির দীর্ঘদিন ধরে পলাতক ছিল জানিয়ে ওসি শামসুল জানান, গত বছরের ২২ সেপ্টেম্বর ভোরে চরণদ্বীপ পাঠানপাড়ায় ডাকাতের গুলিতে পাঁচ বছর বয়সী এক শিশু হত্যারও আসামি জাকির।
