২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে ‘মর্যাদার অবনমনের’ প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 08:12 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বন্দর নগরীর কোতয়ালি এলাকায় বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন করেন চট্টগ্রামের কর্মকর্তারা।

মানববন্ধনে কাউন্সিলের চট্টগ্রাম শাখার সভাপতি অসীম কুমার চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইদ্রিস মিয়া বক্তব্য রাখেন।

সংগঠনের যুগ্ম সম্পাদক মো. মনিরুল হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেড বৈষম্য দূরীকরণ এবং কেন্দ্রীয় ব্যাংককে আলাদাভাবে সজ্ঞায়নসহ তিন দফা দাবিতে আমরা মানববন্ধন করেছি।”

তাদের দাবিগুলো হলো- অষ্টম জাতীয় বেতন স্কেল গেজেটে বাংলাদেশ ব্যাংককে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মর্যাদা পৃথকভাবে উল্লেখ করা, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক পদকে জাতীয় বেতন স্কেলে প্রথম গ্রেডে উন্নীতকরণ এবং সহকারী পরিচালক হিসেবে প্রবেশ পদ নবম গ্রেডের পরিবর্তে অষ্টম গ্রেডে নির্ধারণ।

মনিরুল হায়দার বলেন, “আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিসিএস ক্যাডার এবং বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকরা নবম গ্রেডে যোগদান করতাম। অষ্টম বেতন কাঠামো অনুসারে তারা অষ্টম গ্রেডে আর আমরা নবম গ্রেডে যোগদান করব।

“বিষয়টা অর্থের নয়, সম্মানের। আমাদের মর্যাদার অবনমন হয়েছে।”

বুধবারও একই দাবিতে মানববন্ধন এবং বৃহস্পতিবার সকাল ১০টায় প্রতীকী কলম বিরতির কর্মসূচি পালন করবেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।