২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কানুনগোর বিরুদ্ধে দুর্নীতির মামলা

জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক এক কানুনগোর বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 12:11 AM

Updated : 22 Aug 2022, 02:23 PM

সোমবার রাতে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দুদকের উপ-সহকারী পরিচালক মালিকলাল দাস বাদী হয়ে মামলা তিনটি করেন।

আসামি মুহাম্মদ শামসুল হক বর্তমানে রাঙামাটি জেলা প্রশাসনের এলএ শাখায় কর্মরত। মামলা তিনটিতে জুলেখা বেগম, রওশন আক্তার ও মর্তুজা বেগম নামে আরও তিনজনকে আসামি করা হয়েছে।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ-সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা পরস্পর যোগসাজসে সরকারিভাবে অধিগ্রহণ করা জায়গা প্রকৃত মালিককে বাদ দিয়ে ভুয়া মালিক সাজিয়ে ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করেন। 

তিনি জানান, বিদুৎ কেন্দ্র স্থাপনের জন্য কর্ণফুলী থানার দ্বীপকালা মোড়ল মৌজার তিনটি স্থান অধিগ্রহণ করে জেলা প্রশাসন।

মৌজার দ্বীপকালা মোড়ল এলাকায় অধিগ্রহণ করা জায়গায় জুলেখা বেগমকে ভুয়া মালিক সাজিয়ে ছয় লাখ ৮৮ হাজার ৪৫১ টাকা, লাথেরা এলাকায় রওশন আক্তারকে মালিক সাজিয়ে ১৫ লাখ ২৫ হাজার ৯৪৮ টাকা এবং শিকলবাহা এলাকায় অধিগ্রহণ করা জায়গায় মর্তুজা বেগমকে মালিক সাজিয়ে আট লাখ ৩৭ হাজার ৪৯৭ টাকা করে শামসুল আত্মসাৎ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।