২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রোগ নির্ণয়ের ৪ ল্যাবকে জরিমানা

চট্টগ্রাম নগরীতে সনদধারী টেকনিশিয়ান না থাকা ও রোগ নির্ণয়ের জন্য সংগৃহীত রক্তসহ বিভিন্ন উপাদান মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট দিয়ে পরীক্ষা করার দায়ে চার প্যাথলজিক্যাল ল্যাবকে মোট সাড়ে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 07:01 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

সোমবার জামালখান এলাকায় র‌্যাবের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম নেতৃত্ব দেন।

এতে সেনসিভ প্যাথলজিক্যাল ল্যাবকে ১০ লাখ টাকা, বেলভিউকে পাঁচ লাখ টাকা, ডায়াসনিককে দুই লাখ টাকা এবং ল্যাব এক্সপার্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেনসিভে যেসব যন্ত্রে রোগ নির্ণয়ের পরীক্ষা করা হয় সেগুলো খুব দামী ও উন্নত। রোগ নির্ণয়ের জন্য ১৮ সেট রিঅ্যাজেন্ট তারা ব্যবহার করে।

“কিন্তু এর মধ্যে ১৬ সেট রিঅ্যাজেন্ট ২০১১ এবং ২০১৩ সালেই মেয়াদোত্তীর্ণ। সেখান থেকে অনুমোদনহীন ওষুধও উদ্ধার করা হয়েছে। সব রিঅ্যাজেন্ট জব্দ করে নিয়ে এসেছি।”

Image
চট্টগ্রামের নগরীর জামালখান এলাকায় প্যাথলজিক্যাল ল্যাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দল

চট্টগ্রামের নগরীর জামালখান এলাকায় প্যাথলজিক্যাল ল্যাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দল

Image
চট্টগ্রামের নগরীর জামালখান এলাকায় প্যাথলজিক্যাল ল্যাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দল

চট্টগ্রামের নগরীর জামালখান এলাকায় প্যাথলজিক্যাল ল্যাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দল

এছাড়া সেনসিভ ও বেলভিউতে কোনো সনদপ্রাপ্ত টেকনিশিয়ান নেই। এমন কি খাতাপত্রে কোনো টেকনিশিয়ান নিয়োগ দেওয়ার প্রমাণ ভ্রাম্যমাণ আদালতকে দেখাতে পারেনি এই দুই প্রতিষ্ঠান।

সারওয়ার বলেন, “টেকনিশিয়ান পদে যারা কাজ করছেন তারা কেউই এসব বিষয়ে কোনো ধারণা রাখেন না। বেলভিউতে টেকনিশয়ান পদের একজন মানবিক বিভাগ থেকে এসএসসি ফেল। বিজ্ঞান বিভাগে লেখাপড়া করেছেন এমন কোনো টেকনিশিয়ানের সন্ধান পাইনি।

"অনভিজ্ঞ এবং সনদহীন ব্যক্তিরাই টেকনিশিয়ান হিসেবে রোগ নির্ণয়ের জন্য রক্তসহ অন্য নমুনা সংগ্রহ, প্রতিবেদন তৈরি এবং এক্স-রে মেশিনসহ সব যন্ত্রপাতি চালাচ্ছিল।"

এদিকে ল্যাব এক্সপার্টে কেমিস্ট থাকলেও তাদের 'যন্ত্রপাতি ভাল নয়' এবং পরিবেশ অপরিচ্ছন্ন বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।