২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ওষুধ কারখানাকে জরিমানা

ওষুধের বোতলের গায়ে উৎপাদনের তারিখ লেখা জানুয়ারি ২০১৬; মেয়াদ ২০১৭ পর্যন্ত। সেই বোতলের ছিপি খুলেই দেখা গেল ছত্রাক জমে আছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 06:20 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

সোমবার অভিযানে বেরিয়ে নগরীর বাকলিয়া থানার কে বি আমান আলী সড়কে এরকম এক ‘ইউনানি ওষুধ কারখানার’ সন্ধান পেয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অনুমোদন না নিয়ে তৈরি এরকম এক পিকআপ ভর্তি ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় কারখানার মালিক আব্দুল ওহাবকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সুপারিশ করা হয়েছে লাইসেন্স বাতিলের।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদয়ন ফার্মাসিউটিক্যাল নামে ওই কারখানার ওষুধ উৎপাদনের লাইসেন্সের মেয়াদ গত বছরের ডিসেম্বরেই শেষ হয়ে গেছে।

“ট্রেড লাইসেন্সের মেয়াদও একই সময়ে শেষ। কিন্তু এরপরও তারা কারখানা খোলা রেখেছে। এছাড়া যেসব ওষুধ তৈরির অনুমোদন তারা নিয়েছিল সেগুলোর পরিবর্তে অন্য ওষুধ তৈরি করছিল।”

অভিযানের বর্ণনা দিয়ে রুহুল আমিন বলেন, “ময়লা জমে থাকা ওষুধের বোতলের গায়ে উৎপাদনের তারিখ লেখা জানুয়ারি ২০১৬। আর যেসব ওষুধের মেয়াদ আছে ২০১৭ সাল পর্যন্ত, তাতে ছত্রাক জমে আছে।

“অভিযানে কেমিস্ট ও হেকিম কাউকেই পাওয়া যায়নি। কর্মচারীদের ওষুধ উৎপাদন করতে দেখা গেছে।”

অভিযান শেষে লাইসেন্স নবায়নের আগে পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক মুহসিনীন মাহাবুব।