চট্টগ্রামে কভার্ড ভ্যানে ৫২ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২
চট্টগ্রামের বাকলিয়ায় একটি কভার্ড ভ্যান থেকে ৫২ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তাররা হলেন- কভার্ড ভ্যান চালক মো. শাহজাহান (২৭) ও তার সহকারী মো. মানিক (২১)।
সোমবার বিকালে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ইয়াবা উদ্ধারের পর তাদের গ্রেপ্তার করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক আসলাম খান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কভার্ড ভ্যান চালক ও তার সহকারী কক্সবাজারের টেকনাফ থেকে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসছিলেন।
"খবর পেয়ে বাকলিয়া থানার শাহ আমানত সেতুর রাজখালী এলাকায় কভার্ড ভ্যানটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ভ্যানটির ইঞ্জিনের দুই দরজায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫২ হাজার ইয়াবা পাওয়া যায়।"
অধিদপ্তরের পরিদর্শক ইব্রাহীম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কভার্ড ভ্যানে চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে তারা টেকনাফ যায়; ফেরার পথে ইয়াবা নিয়ে আসছিল।"
