২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে আ. লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর উপর হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলনে হামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 10:26 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

রোববার রাতে সীতাকুণ্ড প্রেস ক্লাবের তৃতীয় তলায় সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী শফিউল আযম বক্তব্য দেওয়ার সময় এই হামলা হয় বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা বলেছেন, রাত ৮টার দিকে যখন হামলা হয়, তখন শফিউল নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে বক্তব্য রাখছিলেন।

ভোটের তিন দিন আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদিউল আলম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে যাওয়ার পরপরই সংবাদ সম্মেলন করতে আসেন শফিউল।

এই পৌরসভার বিদায়ী মেয়র শফিউল এবার দলীয় মনোনয়ন না পাওয়ায় গত ৯ ডিসেম্বর আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন।

শফিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জয় বাংলা- স্লোগান দিয়ে আমার সংবাদ সম্মেলনে হামলা হয়েছে। ককটেল বিস্ফোরণ, ফাঁকা গুলি ও প্রেস ক্লাবের তৃতীয় তলার জানালা ভাংচুর করে তারা।”

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩০-৪০ জন যুবকের একটি দল সংবাদ সম্মেলনে হামলা চালায়। এসময় তারা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। তারা তৃতীয় তলায় উঠে দরজা-জানালা ভাঙচুর করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত এক সাংবাদিক জানান, ভাঙা কাঁচের আঘাতে তিনজন সাংবাদিক সামান্য আহত হয়েছেন।

এই বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন।

“কারা, কী কারণে এ হামলা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়েছে। প্রেস ক্লাবের জানালাগুলোও ছিল ভাঙা।

“হামলাকারীদের বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার অনুরোধ করেছি আক্রান্ত মেয়র প্রার্থীকে। লিখিত অভিযোগ পেলে আমরা হামলাকারীদের বিষয়ে ব্যবস্থা নেব।”