চট্টগ্রামে অনুমোদন ছাড়া পশু খাদ্য উৎপাদনে ৩ জনের জেল
চট্টগ্রাম নগরীতে অনুমোদন ছাড়া পশু খাদ্য উৎপাদন ও বিপণন করায় তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর বাকলিয়ার কালামিয়ার বাজারের লিজা ফুড সেন্টারের ম্যানেজার আলী আহমদ (৪৫) ও দুই কর্মচারী পারভেজ আহমেদ (৩৫) ও সোহেল পারভেজ (৩৬)।
বৃহস্পতিবার কালামিয়ার বাজারে পরিচালতি এই অভিযানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন।
ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, অনুমোদন ছাড়াই পশু খাদ্য উৎপাদন করায় লিজা ফুডস সেন্টারের ম্যানেজার ও দুই কর্মচারীকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়াও ভ্রাম্যমাণ আদালত নগরীর ফিরিঙ্গি বাজার থেকে ১০০ কেজি ঝাটকা ইলিশ জব্দ করেছে।
এসময় অপরিচ্ছিন্ন পরিবেশে মাছ বিক্রি করায় এক বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
তামিম জানান, জব্দ করা ইলিশ নগরীর কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অন্যদিকে নগরীর ষোলশহর এলাকায় অভিযান চালিয়ে সাতটি অবৈধ গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয় বলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।
নগরীতে আট বিলবোর্ড উচ্ছেদ
এদিকে নগরীর অক্সিজেন-কুয়াইশ সড়কের নতুন রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে আটটি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছে আরেকটি ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ও চট্টগ্রাম উন্নয়ন সংস্থার (সিডিএ) যৌথ পরিচালনায় এ উচ্ছেদ অভিযানে সিডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন ওয়ান ন্যু নেতৃত্ব দেন।
ম্যাজিস্ট্রেট কিন ওয়ান ন্যু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানে মোট আটটি বিলবোর্ড ও দুটি খুঁটি উচ্ছেদ করা হয়েছে।
এছাড়াও সড়কের উপর থাকা বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পাশাপাশি সড়কের ফুটপাতে মালপত্র রাখায় দুই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
