চট্টগ্রাম ড্রাই ডক নৌবাহিনীর কাছে হস্তান্তর
চট্টগ্রাম ড্রাই ডক ব্যবস্থাপনার দায়িত্ব নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমির শীতকালীন কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে পৃথক এক অনুষ্ঠানে চিটাগাং ড্রাই ডককে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেন তিনি।
প্রধানমন্ত্রী ড্রাই ডক হস্তান্তর অনুষ্ঠানে এসে পৌঁছালে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার দেয়।
এরপর তিনি চিটাগাং ড্রাই ডকের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম জাহাঙ্গীর আলমের হাতে আনুষ্ঠানিকভাবে ফরমান হস্তান্তর এবং হস্তান্তরিত ড্রাই ডকের নামফলক উন্মোচন করেন।
হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “১৯৯৬ সালে আমরা ক্ষমতায় আসার পর নৌবাহিনীকে সক্ষম করে গড়ে তুলতে বিভিন্ন ফ্রিগেটসহ বিভিন্ন সরঞ্জাম কেনার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর আমার বিরুদ্ধে মামলা দিয়েছে।”
তিনি বলেন, ১৯৯৬ সালে লোকসানি খুলনা শিপইয়ার্ড নৌবাহিনীকে দেওয়া হয়েছিল, সেটি বর্তমানে লাভজনক।
উন্নতির দিকে এগিয়ে যেতে চিটাগাং ড্রাই ডক নৌবাহিনীর হাতে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তাদের ব্যবস্থাপনায় এটি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বর্তমান শ্রমিক-কর্মচারীদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, নতুন ব্যবস্থাপনায় গেলে কাউকে চাকরি হারাতে হবে না।
বাংলাদেশ স্টিল ইঞ্জিনিয়ারিং করপোরেশন পরিচালিত চিটাগাং ড্রাই ডক ১৯৮৫ সাল থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশে জাহাজ ও নৌযান তৈরি এবং মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে জানানো হয়, এই ড্রাই ডকে সর্বোচ্চ ১৭৫ মিটার এবং ২০ হাজার মেট্রিক টন ওজনের বিভিন্ন কার্গো শিপ, পেট্রোল বোট, অয়েল ট্যাংকার, ড্রেজার, টাগ, লঞ্চ, সাপ্লাই ভেসেল, ওয়াটার বার্জ, ওয়াগন ফেরি ও পন্টুন ইত্যাদির মেরামত কাজ পরিচালনা সম্ভব।
এছাড়া শিল্প কারখানার মেশিন, ব্রিজ ও ধাতব স্থাপনাসমূহ এখানে মেরামত করা হয়ে থাকে।
শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবীব, শিল্প সচিব মোশাররফ হোসেন ভূইঁয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
