চট্টগ্রাম আউটার রিং রোড পরিদর্শনে সিডিএ চেয়ারম্যান
সামুদ্রিক জলোচ্ছ্বাস রোধ, যানজট দূর এবং পর্যটন ও আবাসন খাতে বিনিয়োগ পেতে ২১ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম সিটি আউটার রিং রোড নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।
মঙ্গলবার দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শন করেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এই চেয়ারম্যান।
পরিদর্শনের আগে উত্তর হালিশহর সংলগ্ন প্রকল্প কার্যালয়ে রিং রোড প্রকল্পের বিভিন্ন বিষয় জানান তিনি।
আবদুচ ছালাম বলেন, বঙ্গোপসাগরের তীরে নগরীর ৩৭ থেকে ৪১ পর্যন্ত পাঁচটি ওয়ার্ডের প্রায় ২০ লাখ মানুষ বসবাস করে। ১৯৯১ সালের জলোচ্ছ্বাসে এখানকার মানুষ অনেক স্বজনকে হারায়। হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়।
“কিন্তু এরপর দীর্ঘ সময়েও এলাকার মানুষের প্রাণের দাবি পূর্ণাঙ্গ বেড়িবাঁধ হয়নি। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস হলেই আতঙ্ক নিয়ে তাদের আশ্রয়কেন্দ্রে ছুটতে হয়।”
এই সড়কের উচ্চতা হবে ৩০ ফুট। দুই পাশে ঢাল এবং মাঝে মূল সড়কসহ প্রশস্থতা হবে তিনশ ফুট। চার লেনের মূল সড়কের প্রস্থ হবে ৮৪ ফুট।
আবদুচ ছালাম বলেন, উপকূলীয় বাঁধটি শক্তিশালী হলে চট্টগ্রাম শহর, বিমানবন্দর, ইপিজেডসহ সব গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা পাবে। পাশাপাশি ইপিজেড থেকে বর্হিমুখী যানবাহন এবং বন্দর থেকে ভারী যানবাহন বাইপাসের মাধ্যমে সরাসরি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলে যাবে।
“এতে করে নগরীর এ অংশের যানজট নিরসন হবে। কর্ণফুলী টানেলেরে এপ্রোচ সড়কের মাধ্য আউটার রিং রোড প্রস্তাবিত এশিয়ান হাইওয়ের সাথেও যুক্ত হবে।”
প্রকল্প বাস্তবায়ন হলে পর্যটন শিল্পের বিকাশ হবে জানিয়ে সিডিএ চেয়ারম্যান বলেন, বাঁধের ভেতর নগরী সংলগ্ন অংশে পর্যটন, আবাসন ও বাণিজ্যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে। উপশহর তৈরির জন্য এ এলাকায় পাঁচ হাজার একর জমি আছে।
এ প্রকল্পের আওতায় সাগর তীরে বসবসাকারী দুই হাজার জেলে পরিবারের প্রত্যেকটিকে পুনর্বাসন করতে এক কাঠা করে প্লট দেওয়া হচ্ছে।
প্রকল্প বাস্তবায়ন শেষে পতেঙ্গা সমুদ্র সৈকতে কোন দোকান থাকতে পারবে না জানিয়ে সিডিএ চেয়ারম্যান বলেন, সব দোকানকে মার্কেটে স্থান দেওয়া হবে।
২০০৬ সালে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-আপারেশ ‘র (জেবিআইসি) সমীক্ষায় রিং রোড নির্মানের প্রস্তাব করা হয়। পাশাপাশি সিডিএ প্রণীত মাস্টার প্ল্যানেও এ সড়কের প্রস্তাব ছিল।
প্রায় ছয় মাস আগে সরকারি পাঁচশ কোটি টাকা বরাদ্দ পাওয়ার পর জমি অধিগ্রহণের কাজ শুরু হয়। নভেম্বর মাস থেকে শুরু হয় মাটি ভরাটের কাজ।
আবদুচ ছালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনটি ফিডার রোড নির্মাণে তিনশ কোটি টাকার সরকারি বরাদ্দ মিলবে আগামী অর্থ বছরে। ২০১৭ সালের জুনের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান বিন শামস ও নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ।
